১১ কর্মকর্তা-কর্মচারীর কেউ অফিস করেন না, উপজেলার আর্সেনিক ও স্যানিটেশনের প্রকৃত চিত্র খোদ তাঁদেরই জানা নেই—ভৈরব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে এমন নেতিবাচক ধারণা পাল্টানোর প্রশাসনিক কোনো উদ্যোগই কাজে আসছে না। ভৈরব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, অফিস পরিচালনার জন্য ১১ জন কর্মকর্তা-কর্মচারীর পদায়ন আছে। উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম যোগ দিয়েছেন ২০১০ সালের ১৫ জুন। অভিযোগ আছে, ১৯ মাসে উপসহকারী প্রকৌশলী ১০ দিনও অফিস করেননি। একই অভিযোগ অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর ও নিকলী উপজেলাবাসীরও।এ অবস্থায় ১৯ ফেব্রুয়ারি ‘আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনাবিষয়ক এক দিনের কর্মশালা’য় উপস্থিত সবার তোপের মুখে পড়েন রাশেদুল ইসলাম। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের আলোকে কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাশেদুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়। সূত্র জানায়, এখন পর্যন্ত নাশেদুল ইসলাম কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। ভৈরব, বাজিতপুর ও নিকলী কোনো উপজেলায় তিনি দায়িত্ব পালন করেননি। এমনকি ওয়াদা অনুযায়ী গতকাল রোববার ভৈরব অফিসে ছিলেন না তিনি।ওয়াদা ভঙ্গের কারণ জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর আমাকে জেলা অফিস তলব করেছে। আজ যাওয়ার কথা ছিল। পরে যাইনি। মূলত দোটানা ইচ্ছার কারণে অফিসে আসা হয়নি।’অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের জেলার জনস্বাস্থ্যের স্বাস্থ্য ভালোই আছে, রুগ্ণ বলতে রাশেদুল। এই রোগ নিরাময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।’