প্রশাসনিক ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তিন ঘণ্টা তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষাসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে সাড়ে তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস হয়নি। শিক্ষার্থীদের ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা। ছাত্রলীগের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থীরা তালা খুলে দেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষাসহ চার দফা দাবিতে একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান। এরপর তাঁরা একে একে প্রশাসনিক ভবনসহ তিনটি একাডেমিক ভবনে তালা দেন। ষষ্ঠ ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা ও মোজাম্মেল হক এবং গণিত বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম বলেন, ‘চার দফা দাবিতে আমরা আন্দোলন করছি। এসব আন্দোলনের মধ্যে রয়েছে মানোন্নয়ন পরীক্ষা বহাল রাখা, নবনির্মিত বঙ্গবন্ধু হল চালু, ক্যাফেটেরিয়া চালু ও এমবিএর ভর্তি ফি কমানো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি না মানায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ শিক্ষার্থীরা বলেন, আগে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ভালো করার চেষ্টা করত। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিধান করেছে; যা কোনোভাবেই যুক্তিসংগত নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ওই সিদ্ধান্ত বদলাতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলআমিন, সৈয়দ শাহরিয়ার মাহমুদ প্রমুখ। ছাত্রলীগের নেতা-কর্মীদের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা তালা খুলে দেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, ‘ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে শিগগিরই আমরা উপাচার্যের সঙ্গে দেখা করব। শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত বিষয় ও ক্যাফেটেরিয়া চালুর দাবিতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করায় তাঁরা তালা খুলে দেন।’ জানতে চাইলে গতকাল রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আহসান উল্যাহ বলেন, ‘আমি একটি জরুরি বৈঠকে আছি। পরে কথা বলব।’ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানোন্নয়ন পরীক্ষা বন্ধ করে দেয়। মানোন্নয়ন পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী আগের ফলাফল থেকে বর্তমান ফলাফল খারাপ করলে সেটি মানতে চায় না। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচ থেকে সেটি বন্ধ করে দিই। তবে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তিনি পরীক্ষা দিতে পারবেন। একাডেমিক কাউন্সিল সম্মিলিতভাবে ওই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয়। অন্যান্য দাবিদাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে।’