প্রশাসনিক কর্মকর্তাকে আটকে রেখে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মহিলাবিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ে ‘জেপিভাউ’ প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া হাবিবকে (৩১) আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে সুধারাম থানার পুলিশ জাকারিয়া হাবিবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া হাবিব প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত বছরের ৫ জুলাই তিনি ইউএনএফপিএর আর্থিক সহায়তায় পরিচালিত প্রমোশন অব জেন্ডার ইকোয়েলিটি অ্যান্ড উইমেন্স এম্ফাওয়ারমেন্ট (জেপিভাউ) প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন।প্রকল্পের নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতে ব্যয় করা খরচের ভাউচারে তাঁর কাউন্টার স্বাক্ষর থাকার কথা থাকলেও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান নিজ খেয়ালখুশিমতো ভুয়া বিল-ভাউচার দাখিল করে ব্যাংক থেকে লাখ লাখ টাকা উত্তোলন করেন। তিনি ওই সব অনিয়মের প্রতিবাদ করায় তাঁর সঙ্গে জেলা কর্মকর্তার সম্পর্কের অবনতি হয়। যার জের ধরে জেলা কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে তাঁকে অন্যত্র বদলি করিয়ে দেন।শুক্রবার বিকেলে প্রকল্পের কিছু দাপ্তরিক কাজ করার সময় জাকারিয়া হাবিব কার্যালয়ে যান। এ সময় অফিস সহকারী আনোয়ার হোসেন তাঁকে কাজে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তিনি জেলা কর্মকর্তার মুঠোফোনে অসংখ্যবার কল করলেও তিনি ফোন ধরেননি।অভিযোগ সম্পর্কে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান মুঠোফোনে বলেন, প্রশাসনিক কর্মকর্তা কিছু অনিয়ম করেছেন, তাই তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে। তবে শুক্রবার তাঁকে কারা কী কারণে মারধর করেছে, তা তিনি পরে শুনেছেন। খরচের বিল-ভাউচার নিয়ে তাঁর সঙ্গে ভুল-বোঝাবুঝির কথা ঠিক নয়।