প্রশাসনিক কার্যক্রম চলছে ‘অতিরিক্ত’ দায়িত্ব দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি নেই। কর্মকর্তারা নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে ঢিমেতালে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালের ১৩ অক্টোবর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপপরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের জুলাই মাস থেকে জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের পিএস-২-এর দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে এক মাস ধরে প্রক্টর নেই, নেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান গত জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অস্থায়ী ভিত্তিতে প্রভাষক পদে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অবমুক্ত হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু উপাচার্য এখন পর্যন্ত তাঁকে অবমুক্ত করেননি। এমনকি এ বিষয়ে কোনো ধরনের নথিপত্রও চালাচালি করেননি। অথচ কাজী জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান জানান, কাজী জাহিদুর রহমানকে এখনো অবমুক্ত করা হয়নি। তিনি এখনো এখানকার শিক্ষক। তিনি মাসখানেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তবে তাঁকে অবমুক্ত না করার প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি।এদিকে ২০০৯ সালের ১২ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর পর থেকে তিনি বসে বসে বেতন নিচ্ছেন। প্রতি মাসে তাঁর জন্য সরকারের খরচ প্রায় ৪০ হাজার টাকা। দীর্ঘ সময়ে তাঁর বিরুদ্ধে বর্তমান প্রশাসন কেবল শোকজ করেই দায়িত্ব শেষ করেছে। এ ব্যাপারে মজিবুর রহমান বলেন, ‘ভিসি স্যার আমাকে কোথাও না যাওয়ার জন্য বলেছেন। তাই চুপচাপ আসা-যাওয়া করি। মাস শেষে বেতন তুলি।’ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করীম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। ওই দুই শিক্ষক প্রতি মাসে ক্যাম্পাসে না গিয়েই প্রায় ২৮ হাজার টাকা করে বেতন-ভাতা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ওই দুই শিক্ষক হাইকোর্টে মামলা করায় বিষয়টি ঝুলে আছে। এ ব্যাপারে উভয় শিক্ষক বলেন, ‘এভাবে বসে বসে বেতন নিতে ভালো লাগছে না। বিষয়টির সুরাহা হওয়া দরকার।’উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, জনবল নিয়োগ দেওয়ার কাজ চলছে। শিক্ষক-কর্মকর্তা পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ দেওয়া সম্পন্ন হলে সংকট দূর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।