হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
এক মাসের বেশি সময় পর গতকাল সোমবার বেলা ১১টায় উপাচার্য প্রশাসনিক ভবনে যান। এ সময় অর্ধশত শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগের দাবিতে সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, সমাবেশে শিক্ষকেরা শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেনের বিরুদ্ধে করা রিটের নিন্দা এবং প্রতিবাদ জানান। এ রিটকে তাঁরা হয়রানিমূলক বলেও আখ্যায়িত করেন।
সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মো. হানিফ আলী বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে পূর্বঘোষিত পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এ ছাড়া উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে সাধারণ শিক্ষক ফোরামের সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সকাল নয়টায় এবং দুই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ঢোকেন। এ সময় আন্দোলনরত শিক্ষকদের তোপের মুখে পড়েন তাঁরা।
প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘হাইকোর্ট থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। আগামীকাল (মঙ্গলবার) শিক্ষক সমিতির সাধারণ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘৪৩ দিন পর আমরা প্রশাসনিক ভবনে সকল কাজ শুরু করেছি। আগামীকাল (মঙ্গলবার) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। সবার সহযোগিতায় আলোচনার মাধ্যমে সংকট নিরসন হবে।’
গণমাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে উপাচার্যের অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১২টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষক সমিতি। প্রশাসনিক ভবন অবরোধের ফলে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও এক শিক্ষার্থী ৭ জুলাই হাইকোর্টে রিট করেন। ২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন।