জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশের সঙ্গে রুলও দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা নিরসনে নির্দেশনা চেয়ে ৭ জুলাই চার শিক্ষক ও এক শিক্ষার্থী রিট আবেদনটি করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রুলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা যাতে অবাধে প্রশাসনিক ভবনে প্রবেশসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধা নিতে পারেন এবং সিনেট, সিন্ডিকেট সভা, একাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটির সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠান এবং এতে অংশগ্রহণ নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়াসহ ১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখছেন শিক্ষক সমিতির সদস্যরা।