প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে স্মারকলিপি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম, ভূমি নিবন্ধন, বিচারিক কার্যক্রম এবং উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম কলাপাড়া উপজেলায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বেলা ১১টায় ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সভাপতি রেজাউল করিম হাওলাদার, গলাচিপা পৌরসভার সাবেক মেয়র আবু তালেব মিয়া, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, গাজী হাফিজুুর রহমান, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন খান, যুবলীগ নেতা মামুন আজাদ প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়, গলাচিপার বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালি, চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের ভূমিসংক্রান্ত কার্যক্রম, ভূমি নিবন্ধন এবং বিচারিক কার্যক্রম কলাপাড়া উপজেলার আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ কারণে ওই পাঁচটি ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ। স্মারকলিপিতে এসব প্রক্রিয়া স্থগিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া একটি স্মারকলিপি পেয়েছি। পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে আমরা তা পাঠিয়ে দেব।’