প্রশাসনিক জটিলতায় নির্দিষ্ট সময়ে নিয়োগ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক জটিলতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্দিষ্ট সময়ে জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ হচ্ছে না। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এদিকে জনবল সংকটের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর অধীনে পরিচালিত রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ নিয়োগের প্রক্রিয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালেও জনবল দেওয়ার কথা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে মোট ২১টি পদে ১৩৯ জন লোক নিয়োগের জন্য গত বছরের ১১ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পদগুলো হচ্ছে স্টেনোগ্রাফার, স্টোরকিপার, পরিসংখ্যান সহকারী (মডেল ক্লিনিক), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (মডেল ক্লিনিক), অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, টেলিফোন নিরাপত্তা প্রহরী প্রভৃতি। এসব পদে আবেদনের শেষ দিন ছিল ওই বছরের ৩০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে পদগুলোর বিপরীতে ছয় হাজার ১২৮টি আবেদনপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী, ২৪ এপ্রিলের মধ্যে এ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হলে নতুন করে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের পরিচালক এ নিয়োগ কমিটির সভাপতি ও উপপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করার কথা। আবেদনপত্র গ্রহণের কিছুদিন পরই ৪ জুলাই হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিক বদলি হয়ে চলে যান। তাঁর স্থলাভিষিক্ত হন ব্রিগেডিয়ার জেনারেল আবদুস ছবুর মিঞা। মাস দুয়েকের মধ্যে ছবুর মিঞাও বদলি হন। ১৯ সেপ্টেম্বর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন দায়িত্ব গ্রহণ করেন।এ ছাড়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিক দায়িত্ব হস্তান্তরের পর থেকে এখন পর্যন্ত হাসপাতালের চারজন উপপরিচালক অবসরকালীন ছুটিতে গেছেন। বর্তমানেও উপপরিচালকের পদটি শূন্য রয়েছে। ঘন ঘন পরিচালকের দায়িত্ব বদল ও উপপরিচালকের পদ শূন্য থাকায় নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।সূত্র জানায়, সম্প্রতি এসব বিষয় উল্লেখ করে এ নিয়োগ-প্রক্রিয়ার সময় আরও ছয় মাস বাড়ানোর জন্য পরিচালকের কার্যালয় থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। একটি সূত্র জানায়, বর্তমান পরিচালকের আর আট মাস মেয়াদ রয়েছে। তাই তিনিও এ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পরিচালকের ওপর দলীয় লোক নিয়োগে রাজনৈতিক চাপ থাকায় তিনি নিয়োগের প্রক্রিয়া এড়ানোর চেষ্টা করছেন।এদিকে ৫৩০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ রোগী চিকিৎসাধীন থাকে। এমনিতেই বাড়তি রোগীর অনুপাতে হাসপাতালের লোকবল নেই, তার ওপর বিদ্যমান পদেই দেড় শতাধিক কর্মচারী নেই। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক মঈন উদ্দীন বলেন, তাঁর ওপর কোনো ধরনের চাপ নেই। নিয়োগ কমিটির সদস্যসচিব না থাকার কারণে নিয়োগ সম্পন্ন করা যাচ্ছে না। তাই দেরি হচ্ছে। তিনি বলেন, ‘আশা করি, মন্ত্রণালয় নিয়োগ-প্রক্রিয়ার সময় বাড়িয়ে দেবে। এরপর নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে।’