চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালনে আগ্রহ হারাচ্ছেন শিক্ষকেরা। নির্ধারিত সময়ের আগেই এসব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন অনেকে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের চাপ, দুর্ব্যবহার ও অপপ্রচার এবং বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে দায়িত্ব পালন করতে চাইছেন না শিক্ষকেরা। এসব ঘটনায় অনেক সময় দুর্ব্যবহারকারীদের কোনো শাস্তি হয়নি বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টর-প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। মূলত শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখার জন্য শিক্ষকেরা এসব দায়িত্ব পালন করেন। কিন্তু কতিপয় ছাত্র যে আচরণ করে, তা খুব একটা সম্মানজনক না। এ জন্য অনেকেই এখন আর এসব পদে দায়িত্ব পালনে আগ্রহী হচ্ছেন না।’বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত আট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুজন প্রক্টর, আবাসিক হলের এক প্রাধ্যক্ষ ও একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেন।বিশ্ববিদ্যালয় সূত্রমতে, গত মঙ্গলবার প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাসিম হাসান। এর আগে গত বছর ২ আগস্ট ছাত্রলীগের নেতা-কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়ে পদত্যাগ করেন প্রক্টর মোহাম্মদ আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর। গত ৩ জানুয়ারি পদত্যাগ করেন সহকারী প্রক্টর আসাদুল হক। এ ছাড়া গত ১৬ নভেম্বর পদত্যাগ করেন শাহজালাল হলের প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহ ভূঁইয়া। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রক্টর, সহকারী প্রক্টর ও প্রাধ্যক্ষ পদে শিক্ষকদের এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই চারজন নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেন।জানা গেছে, তাঁদের প্রত্যেকেই পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণ অথবা উভয় কারণ উল্লেখ করেছেন। তবে মূলত ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের দুর্ব্যবহার, অসহযোগিতার কারণে তাঁরা পদত্যাগ করেন বলে বিশ্ববিদ্যলয় সূত্রে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্বে নতুন কাউকে নিয়োগ দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করছেন সহকারী প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষ থামাতে গেলে এক পক্ষের ছোঁড়া পাথরে মুখে মারাত্মক আঘাত পান তৎকালীন প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান। এরপর তিনি চিকিৎসার জন্য ভারতে যান। গত সোমবার তিনি চিকিৎসা শেষে বিদেশ থেকে ফেরেন এবং পরদিন পদত্যাগপত্র জমা দেন।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এবং ছাত্রশিবির বিভিন্ন সভা-সমাবেশে ও সংবাদ সম্মেলন করে প্রক্টরিয়াল বডি ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের অপসারণ দাবি করে। এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কয়েক দফা স্মারকলিপিও দেয়।সাবেক প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব পদে দায়িত্ব পালনকারীদের ওপর ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের নানানমুখী চাপ থাকে। তারা দায়িত্ব পালনকারী শিক্ষকদের ন্যূনতম সম্মান দেয় না। এমনকি অনেক সময় স্বাধীনভাবে কাজ করতেও বাধার সৃষ্টি করে।। এ অবস্থায় অনেকে চাপ সহ্য করতে না পেরে এবং মানসম্মান রক্ষায় পদত্যাগ করেন।’ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আকতার হোসেন আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এসব পদে দায়িত্ব দেওয়ার জন্য কোনো শিক্ষক খুঁজে পাওয়া যাবে না।