সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা সেই শিক্ষকেরা স্বপদে ফিরতে অপারগতা প্রকাশ করেছেন। গতকাল রোববার বিকেলে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তাঁরা এ বিষয়ে চিঠি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা ৩৫ শিক্ষকের মধ্যে ২৮ জনকে গত বৃহস্পতিবার চিঠি দিয়ে স্বপদে যোগদান করতে অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই চিঠির জবাবে গতকাল পাল্টা চিঠি দিয়ে পদে যোগদান করে দায়িত্ব চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছেন ২৪ শিক্ষক। তাঁরা সবাই সরকার-সমর্থক শিক্ষকদের একাংশের সদস্য। যোগাযোগ করা হলে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সরকার-সমর্থক শিক্ষকদের একাংশের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ উপাচার্যের অধীনে দায়িত্ব পালন না করার আমাদের আগের সিদ্ধান্তই বহাল আছে।’ প্রসঙ্গত, সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ এনে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন।