জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে নয় দিন ধরে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষক সমিতির সদস্যরা। গতকাল রোববারও সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন।
এদিকে প্রশাসনিক ভবন অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
নয় দিনের অবরোধে একটি জরুরি সিন্ডিকেট, সিনেটের বার্ষিক সভা, বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের সভা হয়নি। শিক্ষার্থীদের সনদ উত্তোলন এবং স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি প্রক্রিয়াও থেমে আছে।
অচলাবস্থা সম্পর্কে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ এবং উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমি এখনো আশা করি, আলোচনার মাধ্যমে সংকট নিরসন হবে।’ তবে বেতন-ভাতা উত্তোলনের জন্য ২৭ জুন রেজিস্ট্রার কার্যালয় অবরোধের আওতামুক্ত রাখার সমালোচনা করেন তিনি।
শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং জনগুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অবরোধ শিথিল রয়েছে। বেতন-ভাতা উত্তোলন জনগুরুত্বপূর্ণ কাজের অন্তর্ভুক্ত হওয়ায় রেজিস্ট্রার কার্যালয় এক দিন অবরোধের আওতামুক্ত ছিল।’
এদিকে গতকাল প্রশাসনিক ভবন অবরোধের পাশাপাশি উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মচারী এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষক সমিতি গণসংযোগ ও মতবিনিময় করেছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সঙ্গেও গণসংযোগ ও মতবিনিময় করা হবে বলে তিনি জানিয়েছেন।
গণমাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলা এবং ১২ ফেব্রুয়ারি একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের বিচার না হওয়া, শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়া, শিক্ষক নিয়োগে অনিয়ম, ভর্তি পরীক্ষার নীতিমালা অমান্য করা, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষক সমিতি। দাবি আদায়ে ২০ জুন থেকে প্রশাসনিক ভবনে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।