উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে সংকট সমাধানের জন্য চলমান আন্দোলনে গতকাল সোমবার পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চলমান সংকট সমাধানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে শিক্ষক সমিতি। গতকাল সমিতি উপাচার্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে। সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’
সহ-উপাচার্য মো. আমির হোসেন বলেন, একটা সংকট সমাধানে নানা রকম বাধা অতিক্রম করতে হয়। এ জন্য কিছুটা সময় লাগছে।
‘প্রতিবাদের নাম জাহাঙ্গীনগর’ ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করছেন বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যানারের অন্যতম মুখপাত্র এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন বলেন, অবরোধ অব্যাহত থাকবে। কর্মঘণ্টা অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবরোধ চলবে।
গতকাল সকাল সাড়ে আটটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল নয়টার দিকে উপাচার্য ফারজানা ইসলাম তাঁর কার্যালয়ে প্রবেশ করতে এসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এরপর তিনি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কার্যালয়ে প্রবেশ করেন। এর মধ্যে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের উপায় খোঁজার আশ্বাস দেন শিক্ষকেরা। আলোচনা শুরুর জন্য তাঁরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ভবনের মূল ফটক ছেড়ে দেন। এরপর উপাচার্য, সহ-উপাচার্য মো. আমির হোসেন ও আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, প্রক্টর তপন কুমার সাহা, কয়েকজন সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন।
গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি, নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, গতিরোধক, পদচারী-সেতু নির্মাণসহ আরও কয়েকটি দাবিতে পরদিন প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে সাভার ও আশুলিয়া থানার পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর জের ধরে ২৭ মে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। রাতে ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসামিদের মধ্যে ১৪ জন ছাত্রী।