প্রশাসনিক ভবন অবরোধ, আলোচনা শুরু

উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে অবরোধ শুরু হয়।
সকাল নয়টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাঁর কার্যালয়ে ঢুকতে এসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এরপর তিনি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকির কার্যালয়ে ঢোকেন। এর মধ্যে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
শিক্ষক সমিতি শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে বলে আশ্বাস দেয়। আলোচনা শুরুর জন্য সমিতি উপাচার্যকে তাঁর কার্যালয়ে ঢোকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানায়। সমিতির নেতা-কর্মীদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ভবনের মূল ফটক ছেড়ে দেন। এর পর উপাচার্য, সহ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন এবং অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, প্রক্টর তপন কুমার সাহা, কয়েকজন সহকারী প্রক্টরসহ আরও কয়েকজন শিক্ষক উপাচার্যের কার্যালয়ে ঢোকেন।
উপাচার্য কার্যালয়ে এখনো আলোচনা চলছে। শিক্ষার্থীরা ভবনের মূল ফটকের সামনে বসে তাঁদের অবরোধ চালিয়ে যাচ্ছেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রথম আলোকে বলেন, ‘এর আগে ১৭ জুলাই প্রশাসন সংকটের সম্মানজনক সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
গত ২৬ মে ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি, নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, গতিরোধক, পদচারী-সেতু নির্মাণসহ আরও কয়েকটি দাবিতে পরদিন প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে সাভার ও আশুলিয়া থানার পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। আহত হন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।
গত ২৭ মে রাতে ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসামিদের মধ্যে ১৪ জন নারী শিক্ষার্থী।