নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রশাসনিক ভবন থেকে সাবেক প্রধানমন্ত্রীর নামফলক সরে গেল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশপথের পাশের দেয়াল থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলক সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষের নির্দেশে ফলকটি তুলে ফেলা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে নাম উদ্ধৃত হয়ে কেউ মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, প্রশাসনিক ভবনের বর্ধিত অংশের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ভবন উদ্বোধনের নামফলক স্থাপনের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রীর নামফলকটি সরানো হয়েছে। এটি পরে আবার বসিয়ে দেওয়া হবে।
১৯ জানুয়ারি প্রশাসনিক ভবনের বর্ধিত অংশের উদ্বোধন করার কথা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। প্রশাসনিক ভবন চারতলা। এখন পঞ্চম তলার উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের নিচতলার প্রবেশপথের বাঁ পাশের দেয়ালে স্থাপন করা খালেদা জিয়ার উদ্বোধনের নামফলকটি কয়েকজন শ্রমিক দিয়ে তুলে ফেলা হয়। এ সময় ফলকটি ভেঙে যায়। গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়।
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ফলকটি তুলে ফেলার সময় সামান্য ফেটে গেছে। ফাঁটা অংশ সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৬ সালের ৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ের একাডেকিম কার্যক্রমের উদ্বোধন করেন। তখন প্রশাসনিক ভবনে ওই নামফলকটি স্থাপন করা হয়েছিল।