কুমিল্লা সরকারি কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষের জানালা গতকাল সোমবার ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলাকালীন ১৫-২০ জন বহিরাগত দৃর্বৃত্ত কলেজে ঢুকেই প্রশাসনিক ভবনের নিচতলার শ্রেণীকক্ষের সব জানালা হকিস্টিক দিয়ে ভেঙে ফেলে। এরপর দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদ ও অফিসের সামনের সব জানালা ভাঙচুর করে। এ সময় আতঙ্কে শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে দুর্বৃত্তরা কলেজের ফটক দিয়ে বেরিয়ে যান।
এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিহাব উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে শিগগিরই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পছন্দের এক ব্যক্তিকে ভর্তি করাতে না পেরে ছাত্রলীগ নামধারী এক ক্যাডারের অনুসারীরা ওই ভাঙচুর চালায়। ওই ক্যাডার নগরের বাদুরতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানতে চাইলে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসী হকিস্টিক নিয়ে কলেজে ভাঙচুর চালায়। কী কারণে এমনটা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে একটি ছেলে আমাকে ফোন করেছিল। ওই ছেলেটি এ কলেজের ছাত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।’