প্রশাসনিক ভবনে ছাত্রদলের বোমা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের সমর্থনে ছাত্রদলের কর্মীরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত একটি চার্জার বুথে ভাঙচুর চালান। ছবি: শহীদুল ইসলাম
অবরোধের সমর্থনে ছাত্রদলের কর্মীরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত একটি চার্জার বুথে ভাঙচুর চালান। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ বুধবার ককটেল ও পেট্রলবোমা ছুড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা ওই ভবনে ভাঙচুরও চালান। এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে ক্যাম্পাসে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে পৌঁছলে ছাত্রদলের কর্মীরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত একটি চার্জার বুথে ভাঙচুর চালান ও দোতলার বারান্দার গ্রিল লক্ষ্য করে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় ছাত্রদলের কর্মীরা একটি পেট্রলবোমাও ছোড়েন। এটি বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা দ্রুত পালিয়ে যান। এ সময় জাকির হোসেন নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করে পুলিশ। জাকির বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ভাঙচুরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র তল্লাশি করে পুলিশ। ছবি: শহীদুল ইসলাম
ভাঙচুরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র তল্লাশি করে পুলিশ। ছবি: শহীদুল ইসলাম


ককটেল হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের জিয়াউর রহমান হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে উপাচার্য মর্ত্তুজা আলী বলেন, ‘এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ঘটনাস্থল থেকে ছাত্রদলের একজন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁকে থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।