প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষের পর গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আধা ঘণ্টা তালা দিয়ে রাখে ছাত্রলীগের এক পক্ষ। এ সময় উপাচার্য তাঁর কার্যালয়ে ছিলেন।ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার রাতে শাহজালাল হলের সামনে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে গতকাল দুপুরে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের কাছে স্মারকলিপি দিতে যান। এ সময় তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর মামুনুল হকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এরপর তাঁরা আবার তালা খুলে দেন।পরে কলাভবনের সামনে ‘ঝুপড়িতে’ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক।লিখিত বক্তব্যে বলা হয়, ‘ছাত্রলীগ নামধারী চাঁদাবাজ, অস্ত্রবাজ ও মাদক ব্যবসায়ী রাকিব-সাকিব গং দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ছাত্রলীগের ভাবমূর্তি পুনরুদ্ধারের স্বার্থে রাকিব-সাকিবসহ সব দুষ্কৃতকারীকে আগামী এক দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সাবেক সহসভাপতি আহসানুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মামুন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রোবাইয়াত হোসেন প্রমুখ।এ প্রসঙ্গে রাকিব ও সাকিব (রাকিব হোসেন ও শিহাবুন সাকিব ভূঁইয়া, প্রাণিবিদ্যা বিভাগ, স্নাতকোত্তর শ্রেণী) প্রথম আলোকে বলেন, ‘এসব বানোয়াট ও মিথ্যা অপপ্রচার। আমরা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে সরব। তাই আমাদের বিরুদ্ধে বর্তমান কমিটির কয়েকজন নেতা এই মিথ্যা অপবাদ দিচ্ছেন।’প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ব্যাপারে মামুনুল হক বলেন, প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসনিক ভবনে তালা লাগানো হয়। তবে প্রশাসনিক ভবনে তালা মারার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান।এদিকে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহেদ সরোয়ারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ছাত্ররা হলেন: অর্থ ও ব্যাংকিং বিভাগের সাঈদুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের আবু তৈয়ব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জাহাঙ্গীর। তাঁদের রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রোববার রাতে সংঘর্ষের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।