প্রশাসনিক ভবনে তালা গ্রেপ্তার ১১, সব ক্লাস ও পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা হল পরিত্যক্ত ঘোষণা বাতিল করে তা সংস্কারের দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন। রোববার রাতে গ্রেপ্তার করা ১১ ছাত্রের মুক্তির দাবিতে ছয়টি অনুষদের সব শিক্ষার্থী গতকাল সোমবার সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় হল পরিত্যক্ত ঘোষণা বাতিল করে তা সংস্কারের দাবিতে ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে আটকা পড়েন। তাঁরা বিকেল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে কর্মকর্তা-কর্মচারীদের বের করে আবার ভবনটি তালাবদ্ধ করে রাখেন। তাঁরা দাবি না মানা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখার ঘোষণা দেন। এ ঘটনায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে ১৭ শিক্ষার্থীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। রাত দেড়টায় পুলিশ প্রশাসনিক ভবনের সামনে থেকে ওই হলের ১১ জন আবাসিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কথা ছড়িয়ে পড়লে গতকাল সকাল আটটায় ছয়টি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। তাঁরা সব অনুষদ ভবন ও প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল আয়োজিত শোকসভা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।