প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল সোমবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা। এ সময় ওই ভবনের ভেতর অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। এদিকে গতকালও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কেউই ক্যাম্পাসে আসেননি।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা ওই ফটকের সামনে সমাবেশ করেন। শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আবু সিনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক রুহুল কে এম সালেহ, সাইদুর রহমান, মাহবুবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘দুর্নীতিবাজ উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তাঁদের দায়িত্ব পালন করতে ব্যর্থ।’ বক্তারা অবিলম্বে তাঁদের অপসারণের দাবি জানান। সমাবেশ শেষে দুপুর একটায় আন্দোলনরত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।