স্নাতকোত্তর কোর্স চালুসহ চার দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ১৭ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের গতকাল বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্নাতকোত্তর কোর্স চালুসহ চার দফা দাবিতে গত ২৫ মে থেকে সব বিভাগের এবং ফার্মেসি কাউন্সিলের অনুমোদনের দাবিতে গত ৬ মে থেকে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দেওয়ায় গতকাল সকাল নয়টায় তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিতে বাধ্য হন।খবর পেয়ে বেলা ১০টার দিকে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসে যায়। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় দুই প্লাটুন পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে। উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।