জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সম্পর্কে কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের একাংশ ওই অভিযোগ তুলে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন এবং উপাচার্যের বিরুদ্ধে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন। একপর্যায়ে পূর্বনির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত করেন উপাচার্য। সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে ৩০ জনের বেশি শিক্ষক বেলা তিনটায় প্রশাসনিক ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দেন। বিকেল চারটায় উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত হলে তাঁদের প্রশাসনিক ভবনে ঢুকতে দেওয়া হয়নি।অবরোধকারী শিক্ষকদের প্রচারপত্রে অভিযোগ করা হয়েছে, গত বৃহস্পতিবার উপাচার্য আনোয়ার হোসেন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও ডিন আমির হোসেন সম্পর্কে সদ্য পদত্যাগকারী চার সহকারী প্রক্টরের কাছে মিথ্যা, অশোভন ও আপত্তিকর মন্তব্য করেন। এ ব্যাপারে আমির হোসেন বলেন, উপাচার্যের এমন মন্তব্যে শিক্ষকদের সমঞ্চান ও ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় চালানোর নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর অধীনে বিশ্ববিদ্যালয়ে আর কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।উপাচার্য বলেন, কিছু শিক্ষকের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সিন্ডিকেট সভা করতে না দেওয়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশবিরোধী।শিক্ষকদের সম্পর্কে কটূক্তির ব্যাপারে উপাচার্য বলেন, ‘কথিত স্কাইপি সংলাপের মতো ব্যক্তিগত আলাপচারিতা ব্যক্তির বক্তব্য হিসেবে গণ্য হতে পারে না। তাই এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।’এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে আজ শনিবার জরুরি সাধারণ সভা হওয়ার কথা।