প্রশাসনিক ভবনে তালার দ্বিতীয় দিন, কার্যক্রমে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মাসের বকেয়া বেতন ও উপাচার্যের ফিরে আসার দাবিতে ১৫২ জন কর্মকর্তা-কর্মচারীর ধর্মঘট গতকাল বুধবারও দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। তাঁদের দেওয়া প্রশাসনিক ভবনে তালা এখনো ঝুলছে। এতে সব কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা কেউই গতকাল কক্ষে ঢুকতে পারেননি। সবাই বাইরে হাঁটাচলা করে দিনভর কাটিয়েছেন।
বেতন না পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
বেতন না পাওয়া আন্দোলনকারীদের পক্ষে সেকশন অফিসার (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, ‘আমরা আমাদের বকেয়া বেতন চাই। সেই সঙ্গে উপাচার্যের উপস্থিতিও আশা করছি। ভিসি স্যার ঢাকা থেকে ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘এভাবে আর কত দিন চলবে। বিরাজমান সমস্যা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, ‘এখানে আমারইবা কী করার আছে। বিরাজমান সমস্যা নিয়ে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুর ১২টায় মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক উজ্জ্বল রায়, সদস্যসচিব আহমেদ নাসির প্রমুখ।
পদোন্নতির দাবিতে ১০ জন শিক্ষক প্রশাসনিক ১৯টি পদ থেকে পদত্যাগ করার পর গত মঙ্গলবার আরও চারজন শিক্ষক আটটি পদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়াও ৯ নভেম্বর উপাচার্য এ কে এম নূর-উন-নবী রেজিস্ট্রার মোরশেদ উল আলমকে উপাচার্যের দায়িত্ব দিয়ে ব্যক্তিগত গাড়িভাড়া করে ঢাকা চলে যান।