বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৬১টি প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগের ঘটনায় বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনশূন্য হয়ে পড়েছে। এতে নানা রকম ভোগান্তিতে পড়ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন বলেন, কৃষি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও বহির্বিশ্বের সঙ্গে চুক্তিবদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নতুন উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।
হল প্রশাসনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীরা বৃত্তি কিংবা সনদ তোলার মতো কাজগুলো করতে ভোগান্তি পোহাচ্ছেন। প্রক্টরিয়াল বডি না থাকায় বিশ্ববিদ্যালয়ে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তা সমাধানের কোনো লোক নেই। ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহ্দী হাসান বলেন, প্রশাসনে কেউ না থাকায় বিভিন্ন কাজ আটকে থাকছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪ মার্চ উপাচার্য রফিকুল হকের সঙ্গে তৃতীয় শ্রেণির এক নারী কর্মচারীর কথোপকথনের অডিও ক্লিপ ও বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁস হয়। এর পর থেকে উপাচার্যের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ১৮ মার্চ আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ জরুরি সভা করে বিষয়টি অসত্য প্রমাণ করতে উপাচার্যকে সময় বেঁধে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে উপাচার্য বিষয়টি অসত্য প্রমাণে ব্যর্থ হওয়ায় ১৯ মার্চ তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন ওই শিক্ষকেরা। ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শিক্ষক ফোরামের সিদ্ধান্তে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক, হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটর, প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারের পরিচালকের মতো পদ থেকে পদত্যাগ করেন শিক্ষকেরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতিও উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেয়। কিন্তু তিনি পদত্যাগ না করায় গত ৩১ মার্চ উপাচার্যকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন তাঁরা।
এদিকে উপাচার্য রফিকুল হক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করে আসছিলেন। এরপর গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম দেখিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
অফিসার পরিষদের কর্মবিরতি: তিন দাবিতে গতকাল তৃতীয় দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার পরিষদ। তাঁদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বেতনের আলোকে পে-স্কেল, কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬২ বছর করা ও কর্মকর্তাদের প্রশাসনিক যেসব পদে শিক্ষকদের ভারপ্রাপ্ত হিসেবে রাখা আছে, সেখানে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ।