প্রশাসনিক স্বীকৃতি পাচ্ছে কবরী রোড
চুয়াডাঙ্গা শহরের কবরী রোডকে প্রশাসনিক স্বীকৃতি দেবে চুয়াডাঙ্গা পৌরসভা। পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, সড়কটির দুই প্রবেশমুখে ফলকও তৈরি করা হবে।
প্রথম আলোতে চুয়াডাঙ্গা জেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে গতকাল বুধবার শেষ পৃষ্ঠায় ‘চুয়াডাঙ্গায় সংস্কৃতিচর্চা এবং কবরী রোডের গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে চুয়াডাঙ্গায় কখগঘঙ চলচ্চিত্রের শুটিং এবং শহরের একটি সড়কের নাম অভিনেত্রী সারাহ্ বেগম কবরীর নামে হওয়ার বিষয়টি স্থান পায়। এ নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন কবরী।
মেয়র ওবাইদুর রহমান বলেন, ‘প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কবরী চুয়াডাঙ্গা শহরে তাঁর নামের সড়কটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এটা আমদের জন্য অনেক সম্মানের বিষয়। আমরা এই মহানায়িকার চুয়াডাঙ্গায় আসার ইচ্ছাকে স্বাগত জানাই।’
১৯৬৯ সালে কবরী যে বাড়িতে শুটিং করেছিলেন, সেই বাড়িটি এখন কবরী ছাত্রাবাস হিসেবে পরিচিত। প্রথম আলোর প্রতিবেদন পড়ে ছাত্রাবাসের নিবাসী রুবেল হোসেন ও তাঁর বন্ধুরা বলেন, ‘প্রথম আলোর ওই প্রতিবেদনের মাধ্যমে আমরা ছাত্রাবাসের বাসিন্দারা যেন একটি ইতিহাসের অংশ হয়ে গেলাম।’
দর্শনার অনির্বাণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “‘চুয়াডাঙ্গায় সংস্কৃতিচর্চা ও কবরী রোডের গল্প”—এর মাধ্যমে জেলার সংস্কৃতি ও বিনোদনের প্রকৃত চিত্র উঠে এসেছে। আমরা চাই চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হোক। পৃষ্ঠপোষকতা মিললে তা সম্ভবও।’