প্রশাসনিক ২৫টি পদ থেকে পদত্যাগ শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ২৫টি পদ থেকে আন্দোলনরত শিক্ষকেরা একযোগে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ওই শিক্ষকেরা পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার পদত্যাগ পাওয়ার কথা জানান।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ছয় দফা দাবির পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরের অব্যাহতি ও শিক্ষক লাঞ্ছনাকারী ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার না করায় আন্দোলনরত শিক্ষকেরা প্রশাসনিক পদ থেকে একযোগে পদত্যাগ করলেন।

মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষক ও শিক্ষক সমিতির নেতারা ২৫টি পদ থেকে পদত্যাগের জন্য আমার কাছে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় উক্ত পদে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় পদত্যাগ করছি। ২৫টি পদের মধ্যে ১২টি প্রশাসনিক পদ, ১২টি বিভিন্ন কমিটির পদ এবং কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের একটি। মেহেদী হাসান দেশে না থাকায় তাঁর পদত্যাগপত্র আমি গ্রহণ করতে পারি না। আগামী কর্মদিবস বৃহস্পতিবারে বিষয়টি উপাচার্য মহোদয়কে জানানো হবে।’

যেসব পদ থেকে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতারা পদত্যাগ করেছেন, সেগুলো হলো ছাত্র পরামর্শক, নওয়াব ফয়জুন্নেছা ছাত্রী হলের প্রাধ্যক্ষ, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ, দুজন সহকারী প্রক্টর, বিভিন্ন হলের হাউস টিউটর, বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও বিভিন্ন কমিটি থেকে ২৫টি পদ।

এদিকে শিক্ষক সমিতির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষক সমিতির ওই দাবি প্রক্টরকে বিতর্কিত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ দেওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক ও অসত্য। শিক্ষককে নাজেহালের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আমি সদস্য। ওই কমিটির আহ্বায়ক আরেকজন।’

বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের এক জরুরি সাধারণ সভা আজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিরাজমান পরিস্থিতিতে বঙ্গবন্ধু পরিষদ মনে করে, এ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। উপাচার্য কর্তৃক শিক্ষকদের মধ্যে বিভক্তি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতীকরণসহ অযাচিত মন্তব্য প্রতিনিয়ত ঘটে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু পরিষদের সদস্যদের মধ্যে যাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে আসীন আছেন, তাঁরা নিজ নিজ পদে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে শিক্ষক সমিতির দাবিদাওয়া ও কার্যকর পদক্ষেপের সঙ্গে একাত্মতা পোষণ করা হয়।’

আজও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির ডাকে ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে ১৯ জানুয়ারি থেকে ক্লাস ও ২২ জানুয়ারি থেকে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষক সমিতির কর্মসূচির কারণে এ পর্যন্ত অন্তত ৩০টি পরীক্ষা বন্ধ হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একেবারেই অচল হয়ে পড়েছে।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির ছয় দফা দাবি হলো ১৮ জানুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার দ্রুত রহস্য উদ্‌ঘাটন, হামলাকারী ও তাঁর মদদদাতার গ্রেপ্তার ও বিচার করা। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াতকে মারার জন্য তেড়ে আসা শিক্ষক এম এম শরীফুল করীমকে বিভাগীয় প্রধান, ডিন ও সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি প্রদান। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে শিক্ষক সমিতির সভাপতিকে অন্তর্ভুক্তি। বিভিন্ন ঘটনায় বিতর্কিত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি। রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমানকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল থেকে অপসারণ ও বিচার করা এবং ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

এর বাইরে সোমবার নতুন করে দুটি বিষয়ে আল্টিমেটাম দেওয়া হয়। এগুলো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি ও এক শিক্ষককে তাঁর স্ত্রীর সামনে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ কর্মী বায়েজীদ ইসলাম ওরফে গল্পকে ২৪ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। ওই সময়সীমার মধ্যে দাবি না মানায় আজ তাঁরা প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।