প্রশাসনে অস্বস্তি উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছুটা অস্বস্তি ও উদ্বেগের মধ্যে আছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। তাঁদের মধ্যে কেউ কেউ বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরকারের চলমান পদক্ষেপের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, সরকার যেভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে, তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না।
গত কয়েক দিন সচিবালয়ে সচিব থেকে নিম্নপদের কর্মচারীদের মুখে একই প্রশ্ন শোনা গেছে—আসলে কী হবে? এই উদ্বেগ-উৎকণ্ঠা তাঁদের দৈনন্দিন কাজেও প্রভাব ফেলছে বলে অনেকে বলেছেন।
নৌপরিবহনসচিব শফিক আলম মেহেদী বলেন, ‘পরিস্থিতি এত অস্বস্তিকর যে রাতে ঘুমও হয় না।’ গত কয়েক দিনে অন্তত ১০টি মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রণালয় বা বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘুরেফিরে বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা করছেন। সরকার-সমর্থক হিসেবে পরিচিত কর্মকর্তারা সহিংসতা দমনে বিএনপি-জামায়াতকে নিবৃত্ত করতে শক্তি প্রয়োগের পক্ষে কথা বলেছেন। আবার এ সময়ে পদায়ন ও পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা শক্তি প্রয়োগের সমালোচনা করছেন। তাঁরা এ পরিস্থিতির জন্য সরকারকেই আকার-ইঙ্গিতে দোষারোপ করছেন।
অনানুষ্ঠানিক আলোচনায় সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যেও দৈনন্দিন কাজে-কর্মে বা নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে শৈথিল্যের মনোভাব দেখা গেছে। সম্প্রতি খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে টেলিফোনে খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন রাজনৈতিক বিষয় ছাড়া কোনো বিষয়ে বক্তব্য দেব না।’
এই অবস্থায় অবরোধ ও হরতালের সময়টায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ কেবল হাজিরা দিতেই অফিসে আসছেন বলে নিয়মিত কাজ করা কর্মকর্তারা দাবি করেন। অফিসে আসা-যাওয়ার সময়ও ঠিক রাখছেন না অনেকে।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, যেহেতু পেট্রলবোমায় মানুষ দগ্ধ হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তো ভয়ভীতি থাকবে। তবে সচিবালয়ের কাজকর্ম ঠিকমতো চলছে। এ ব্যাপারে খুব একটা অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, সন্ত্রাস-বোমাবাজির হাত থেকে সবাই নিষ্কৃতি চায়। প্রত্যেকেই চায় এই অবস্থার উত্তরণ ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে।
গত এক সপ্তাহে অন্তত ১৪ জন সচিবের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের বড় একটি অংশ মনে করছেন, সহিংসতা দমনে কঠোর হওয়ার কৌশল সঠিক, তবে এককভাবে এই কৌশল প্রয়োগ করে সরকার এখনো সফল হতে পারেনি। এই অবস্থায় যাঁরা শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ায় সরাসরি যুক্ত, তাঁদের বিশেষ করে নিরাপত্তা বাহিনীর প্রধানদের রাজনৈতিক বক্তব্য এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা সারা দেশের মানুষের মধ্যে অস্থিরতা বাড়িয়েছে। তাঁদের মতে, রাজনৈতিক সমস্যা শুধু গুলি বা গ্রেপ্তার-কৌশল দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
একজন জ্যেষ্ঠ সচিব নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘এভাবে কত দিন চলবে? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরও বা এত কথা বলার দরকার কী?’
প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে পেট্রলবোমা হামলায় সাধারণ মানুষ হতাহতের ঘটনায় জানুয়ারি মাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নানা বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য রাজনৈতিক বা দায়িত্বশীল কর্মকর্তাদের পদের সঙ্গে যায় না বলে অনেকেই মন্তব্য-প্রতিক্রিয়া জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘সরকারি অবস্থানের বাইরে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। তবে সরকারি কর্মকর্তা হিসেবে বলছি, সচিবালয়ের পরিস্থিতি ঠিক আছে। দেশব্যাপী সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা পেশাদারিত্বের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন।’