প্রশাসনে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি প্রস্তাবিত সিভিল সার্ভিস অ্যাক্টের বেশ কিছু ধারা-উপধারা বাতিল ও নতুন কিছু ধারা সংযোজনের দাবি করেছে। তারা প্রশাসনের সর্বস্তরে উন্মুক্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী পদোন্নতির বিধান সংযোজনের দাবি জানিয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত কমিটির সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। সংগঠনের মহাসচিব মো. ফিরোজ খান এতে লিখিত বক্তব্য পাঠ করেন। সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম ছাড়াও মোশতাক হোসেন, স ম গোলাম কিবরিয়াসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।সমন্বয় কমিটি অবাধ চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করার পক্ষে প্রস্তাব করেছে। অ্যাক্ট করার সময় ২৭ ক্যাডারের মতামত নেওয়া হয়নি—অভিযোগ করে লিখিত বক্তব্যে প্রজাতন্ত্রের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সিভিল সার্ভিসের সদস্য হিসেবে গণ্য করার দাবি জানানো হয়। প্রস্তাবিত অ্যাক্টে উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাকে সিভিল সার্ভিসের সদস্য বলে গণ্য করা হচ্ছে। আনসার বাহিনীকেও সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবর্তে মন্ত্রিপরিষদ বিভাগকে আন্তঃক্যাডার সমন্বয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়। গতিশীল প্রশাসন গড়ার ক্ষেত্রে বিদ্যমান প্রেষণে নিয়োগের ব্যবস্থা বড় ধরনের অন্তরায় হিসেবে কাজ করছে বলে মন্তব্য করা হয়। বাইরে থেকে প্রেষণে কর্মকর্তা নিয়োগের ফলে বছরের পর বছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না। ফলে তাঁদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। লিখিত বক্তব্যে আইন করার পাশাপাশি একই সঙ্গে বিধি-বিধান ও পদ্ধতি নির্ধারণের দাবি করা হয়। এসব বিধি-পদ্ধতি আইনের সঙ্গে নির্ধারিত থাকলে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ বন্ধ হবে।এক প্রশ্নের জবাবে মো. ফিরোজ খান বলেন, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী চান না, তাঁদের কোনো সহযোগী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বঞ্চিত হোন। তাঁরা চান সরকারি কাজে কর্মকর্তাদের রাজনৈতিক আদর্শের প্রতিফলন না হয়ে সরকারি নীতির প্রতিফলন ঘটবে। তিনি বলেন, অ্যাক্টে মাঠপর্যায়ের পদ বলতে মহানগর এলাকাবহির্ভূত মন্ত্রণালয় বিভাগ, অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্রশাসনিক স্তরের পদকে বোঝানো হয়েছে। আবার অ্যাক্টের ৫ (১৪-১) ধারায় বলা হয়েছে, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা না থাকলে সচিবালয়ে সমমর্যাদার পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। অথচ মহানগর এলাকার মধ্যে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান রয়েছে।ফিরোজ খান দীর্ঘদিন পরে হলেও জনপ্রশাসনের জন্য আইন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটিকে সব শ্রেণী-পেশার মানুষের জন্য সমান অধিকার উপযোগী করতে হবে। বিষয়টি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীসহ সব ধরনের নীতিনির্ধারকের সঙ্গে কথা বলবেন।