চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন দপ্তরে কর্মকর্তার ১২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা দেখা দেওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার লোকজন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার পদ দুই বছর, সমাজসেবা কর্মকর্তার পদ তিন বছর, মৎস্য কর্মকর্তার পদ তিন বছর, পরিসংখ্যান কর্মকর্তার পদ পাঁচ বছর, পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ পাঁচ বছর, পল্লী উন্নয়ন কর্মকর্তার পদ দুই বছর, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদ এক বছর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদ এক মাস, সহকারী কমিশনারের (ভূমি) পদ ছয় মাস, খাদ্য নিয়ন্ত্রকের পদ ১০ বছর, জনস্বাস্থ্য প্রকৌশলীর পদ এক বছর এবং সহকারী শিক্ষা কর্মকর্তার একটি পদ তিন বছর ধরে শূন্য। সংশ্লিষ্ট দপ্তরগুলোর একাধিক সূত্র জানায়, কর্মকর্তার অভাবে বিভিন্ন কাজ দিনের পর দিন আটকে থাকে। কাজের জন্য অনেক লোক এসে ফিরে যান।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শূন্য পদগুলো পূরণের জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। জেলার একাধিক উন্নয়ন সভায়ও বিষয়টি আলোচিত হয়েছে।