প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গত এক মাসে ১০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর মধ্যে দুই সচিব ও একজন অতিরিক্ত সচিব আছেন।
সরকার দুই বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগ প্রায় ২৭৫ থেকে ১২০-এ কমিয়ে আনে। এখন এটা বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, বিভিন্ন পর্যায়ের মোট ১৪২ জন ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিতে নিয়োজিত আছেন।
এদিকে নতুন করে আবার চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আগের মতো প্রেষণে নিয়োগ নিয়েও নিয়মিত কর্মকর্তাদের মধ্যে আপত্তি আছে।
নাম প্রকাশ না করার শর্তে ক্ষুব্ধ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে ঢালাও পদোন্নতির ফলে জনপ্রশাসনে এমনিতেই পর্যাপ্ত পদ নেই। পদোন্নতি পেয়েও অনেক কর্মকর্তাকে দীর্ঘদিন ধরে এক স্তর নিচের পদে কাজ করতে হচ্ছে। অনেককে কোনো দপ্তর না দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হচ্ছে। এ অবস্থায় আবারও চুক্তিভিত্তিক নিয়োগে সমস্যা বাড়াবে।
এ প্রসঙ্গে সাবেক একজন মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেখানে নিয়মিতদের মধ্যে উপযুক্ত কর্মকর্তা আছেন, সেখানে কোনোভাবেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া উচিত নয়। তবে উপযুক্ত কর্মকর্তা না থাকলে চুক্তিতে নিয়োগ হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, তাঁরা চান চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হোক। কিন্তু বাস্তবতার কারণে কিছু নিয়োগ দিতে হয়। মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বেসামরিক ৬৩, সামরিক নয়জন ও নাগরিকদের মধ্য থেকে ৭০ জনকে বিভিন্ন পদে চুক্তিতে নিয়োগ করা হয়েছে। এর বাইরে রেলওয়ে বিভাগে ৫৫০ জন কর্মী চুক্তিতে আছেন।
এখন এই সংখ্যা বাড়তে শুরু করেছে। ২৫ আগস্ট অবসরোত্তর ছুটিতে থাকা জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারকে গত ২৯ জুলাই পরবর্তী দুই বছরের জন্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ১ আগস্ট থেকে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয় ১৬ আগস্ট।
চুক্তিতে নিয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হককেও আরও এক বছরের জন্য একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ আগস্ট অবসরোত্তর ছুটিতে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে তিন বছরের জন্য স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুলও চুক্তিতে নিয়োজিত আছেন।
এই বছরের ডিসেম্বর পর্যন্ত নয়জন সচিবের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। এঁদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মুখ্য সচিব আবুল কালাম আজাদ আগামী বছরের শুরুতে ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। এই দুজন চুক্তিতে নিয়োগ পেতে পারেন বলে জানা গেছে।
ভারমুক্ত হলেন পাঁচ সচিব: সরকার গতকাল বৃহস্পতিবার পাঁচজন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। তাঁরা হলেন স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা, পরিকল্পনা কমিশনের সদস্য এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী এবং পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ।