সংসদের কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, প্রশাসনিক প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজন আছে। তা না হলে প্রশাসনের দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তবে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর ফলে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা কমবে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ তথ্য জানান। অপু উকিলের প্রশ্ন ছিল, সরকারি কর্মকর্তাদের অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ বছর করার পর প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন আছে কি না?প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, দক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ শুরু করেছে। এটি হলে সব স্তরে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ১৭ হাজার ৭১৩টি পদ সৃজন করেছে। আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭২৬টি।সমুদ্রে মৎস্যসম্পদ জরিপ বন্ধ: নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের জন্য অর্থনৈতিক অঞ্চল হলেও এখানে মৎস্যসম্পদ জরিপের কাজ বন্ধ আছে। সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে ১২টি অবতরণকেন্দ্রের মাধ্যমে মৎস্য আহরণ তথ্য সংগ্রহ করা হলেও তা যথেষ্ট নয়। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার ঢাকার চিড়িয়াখানাকে বিশ্বমানের করতে চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ৪০ প্রজাতির ২৭০টি প্রাণী কেনার কর্মসূচি নিয়েছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মিঠা পানির ১২ প্রজাতির মাছ চরম বিপন্ন, ৫৪টি প্রজাতি প্রায় বিলুপ্ত, বিপন্ন ২৮টি প্রজাতি এবং ১৪টি প্রজাতি সংকটাপন্ন অবস্থায় আছে।সিরিজ বোমা হামলার ১০৭ মামলার বিচার হয়েছে: সাধনা হালদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার মামলাগুলোর মধ্যে ১০৭টির বিচার হয়েছে। এগুলোতে ১৮৭ জন অপরাধীর দণ্ড হয়েছে। এর মধ্যে ২৭ জনের মৃত্যুদণ্ড, ৭০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে সংশোধন কেন্দ্রে প্রেরণ এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। নাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫০ হাজার ৭৮৪টি।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এক লাখ ১৯ হাজার ৭২৫টি মামলা হয়েছে। ২০১১ সালে ১৯ হাজার ৪৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এক লাখ ২৩০টি মামলা বিচারাধীন।নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ জন ও হাইকোর্ট বিভাগে ৫৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অধস্তন আদালতগুলোতে ২১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সহকারী জজ নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।