প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রথা বন্ধ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন সংসদের কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বিএনপির শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।সৈয়দ আশরাফ জানান, জনস্বার্থে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের বিশেষায়িত পদে যোগ্যতাসম্পন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর ফলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারের গৃহীত নীতি বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন। এ ছাড়া কোনো কোনো সংস্থায় পদোন্নতি পাওয়ার মতো উপযুক্ত কর্মকর্তা না থাকায় কাজের ধারাবাহিকতা রক্ষায় চুক্তিভিত্তিক নিয়োগ অপরিহার্য হয়ে পড়ে। তাই এখনই চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা হলে প্রশাসনে স্থবিরতার সৃষ্টি হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সীমিত হয়ে যাবে।অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্যপদের সংখ্যা ৫৯ হাজার ৬০৯।বিচারপতি নিয়োগে আইন করার পরিকল্পনা সরকারের আছে: জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, সংবিধানের বিধান অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে স্বচ্ছতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার পরিকল্পনা সরকারের আছে। বর্তমানে সাংবিধানিক বিধান ছাড়া হাইকোর্টের বিচারপতি নিয়োগে অন্য কোনো আইন বা নীতিমালা নেই। সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আইন পেশায় নিয়োজিত আইনজীবী এবং জেলা ও দায়রা জজ পর্যায়ের বিচারকদের মধ্য থেকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন।মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) পুলিশ ২০০১ সালের ৬ সেপ্টেম্বর জমা দিয়েছে। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম একই বছরের ২৪ অক্টোবর প্রতিবেদনটি গ্রহণ করেন।আওয়ামী লীগের তারানা হালিমের প্রশ্নের জবাবে তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের লোকদের বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য বর্তমানে দেশে কোনো আইন নেই। তবে বিয়ের দালিলিক প্রমাণের সুরক্ষার জন্য নিবন্ধনের ব্যবস্থা ঐচ্ছিক রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন-২০১২’ সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। শিগগির বিলটি সংসদে উত্থাপন করা হবে।