প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের তালিকা চেয়েছে সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বঞ্চিত হওয়ার কারণসংবলিত তথ্যসহ এই তালিকা প্রস্তুত করে কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার সংসদীয় কমিটির সভায় এ তালিকা দিতে বলা হয়। সভায় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের চাকরির আচরণবিধি অনুযায়ী ব্যবহার ও সম্মান দেখাতে দ্রুততম সময়ে পরিপত্র জারির সুপারিশও করা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বরকত উল্লাহ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বেগম অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সভায় কমিটির সভাপতি প্রশাসনে পদোন্নতিতে অনিয়মের বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা ঠিকমতো না মানার অভিযোগ সম্পর্কে সংস্থাপন মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে হবে। নীতিমালা মেনে পদোন্নতি না দিলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সংস্থাপন সচিবকে এ বিষয়ে কমিটিতে বক্তব্য দিতে বলেন। সচিব এ সময় উপস্থিত না থাকায় কমিটির আগামী সভায় তাঁকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।কমিটির একাধিক সদস্য এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং পদোন্নতিবঞ্চিতদের তালিকা করে কমিটিকে দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, যাঁরা পদোন্নতিবঞ্চিত, তাঁদের কী কারণে পদোন্নতি দেওয়া হয়নি, তাও জানাতে হবে। পরে এ প্রস্তাব কমিটির সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।সভায় কমিটির সদস্য আবু তালহা অভিযোগ করেন, নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন। এ ব্যাপারে অভিযোগ করায় বিষয়টি ওই কর্মকর্তার ব্যাচের কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানো হচ্ছে। এতে করে সঠিক তদন্ত হচ্ছে না। তিনি আরও জ্যেষ্ঠ কর্মকর্তাদের দিয়ে তদন্ত করানোর দাবি জানান। তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে স্থানীয় পর্যায়সহ সব পর্যায়ের কর্মকর্তারা যাতে চাকরির আচরণবিধি অনুযায়ী ব্যবহার ও সম্মান প্রদর্শন করেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।সভায় জানানো হয়, সব ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ডেটাবেইস প্রস্তুতের কাজ হাতে নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ইতিমধ্যে ১২টি ক্যাডারের ডেটাবেইস তৈরি হয়েছে। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের ডেটাবেইস তৈরির কাজ চলছে।