প্রশাসনে বাংলার ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষা প্রচলন আইন ৩০ বছর আগে চালু হলেও এখনো সর্বত্র বাংলার ব্যবহার হচ্ছে না। তবে সরকারি দপ্তরের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। সরকারি নথিপত্র, চিঠি, প্রজ্ঞাপন ও অন্যান্য নথি এখন বাংলায় লেখা হচ্ছে। পুরোনো অনেক আইন ইংরেজিতে থাকলেও নতুন আইন-কানুন সব বাংলায় লেখা হচ্ছে। এ ছাড়া সরকারি ওয়েবসাইটগুলোতে সব তথ্য এখন ইংরেজির পাশাপাশি বাংলায় দেওয়া হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ (আইন প্রণয়ন) ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন আরও কিছু তথ্য পাওয়া গেছে।
দেশের সর্বত্র বাংলা ভাষা চালুর লক্ষ্যে ১৯৮৭ সালের ৮ মার্চ প্রণয়ন করা হয় ‘বাংলা ভাষা প্রচলন আইন’। এতে বলা হয়, ‘এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস-আদালত, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে।’ এই আইনে আরও বলা হয়, কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে সেটি বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। শুধু তাই নয়, কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি এই আইন অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আইন চালু হলেও এর বাস্তবায়নের কাজটি হয়েছে ঢিলেঢালাভাবে। এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু করা সম্ভব হয়নি। কিছু সমস্যাও ছিল। কারণ যথাযথ পরিভাষার অভাব ও বানানরীতির ভিন্নতার কারণে ব্যবহারিক ভাষায় অসামঞ্জস্য দেখা দেয়। এ ছাড়া প্রমিত ভাষারীতি সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবে অবহিত না থাকার কারণে নথিপত্রের ভাষার মান নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি ২০১২ সালে মন্ত্রিসভার বৈঠকেও আলোচিত হয়। পরে ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে ওই বছরের ৩১ অক্টোবর সরকারি কাজে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ করার নির্দেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর এ কাজ কিছুটা গতি পায়। এ ক্ষেত্রে ভূমিকা রাখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশেষ শাখা, যেটির নাম বাংলা ভাষা বাস্তবায়ন কোষ।
এই কোষের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাংলা ভাষা সহজ করে ব্যবহারের জন্য এই কোষ থেকে ইতিমধ্যে চারটি পুস্তিকা বই আকারে বের করা হয়েছে। এগুলো হলো পদবির পরিভাষা, প্রশাসনিক পরিভাষা, সরকারি কাজে ব্যবহারিক বাংলা পুস্তক ও ছোট বই (পকেট বুক)। এ ছাড়া সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম ও সরকারি কাজে ব্যবহারিক বাংলার দ্বিতীয় সংস্করণ বের করার কাজও প্রক্রিয়াধীন আছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নির্ধারিত পদ্ধতিতে সরকারি কর্মকর্তারা প্রমিত বাংলা ব্যবহারে সহায়তা নিতে পারছেন। অফিস সময়ে এই কোষে ফোন করেও সহায়তা নেওয়া যায়।
ওই কোষের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণে লেখা এই পুস্তক ও ছোট বইগুলো ছোটবড় সব সরকারি দপ্তরেই বিতরণ করা হয়েছে। এখন সেই অনুসারে নথিপত্রের ভাষা লেখা হয়। জেলা ও উপজেলা প্রশাসনেও একইভাবে একই বানানরীতি অনুসরণ করতে বলা হয়েছে। এ ছাড়া এই কোষ ইংরেজি থেকে বাংলায় করা আইনের খসড়াগুলো প্রমিত বানানে হচ্ছে কি না, তা যাচাই করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জনবল বাড়িয়ে এই কোষকে শক্তিশালী করে আরও অনেক কাজ করা সম্ভব ছিল, কিন্তু সেটা হচ্ছে না। বর্তমানেও দুজন অনুবাদ কর্মকর্তা ও একজন বিশেষজ্ঞের পদ শূন্য আছে। এ ছাড়া বদলিজনিত কারণে যুগ্ম সচিবের পদও এখন শূন্য।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন এলাকায় সাইনবোর্ড যাতে বাংলায় লেখা নিশ্চিত করা হয়, সে জন্য গত বছর স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, দেশের ভেতরে এখন সরকারি কাজে তাঁরা বাংলা ভাষাই ব্যবহার করছেন। নথিপত্রও বাংলায় লেখা হয়।
আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদবিষয়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ মূল আইন (সংশোধনীর সংখ্যা বাদে) আছে। এগুলোর অধিকাংশই ব্রিটিশ ও পাকিস্তান আমলে তৈরি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন ওই সব আইন ধীরে ধীরে পরিমার্জন করে বাংলায় লেখা হচ্ছে। ইতিমধ্যে শতাধিক আইনের বাংলা ভাষান্তর করা হয়েছে। তবে জটিল ও সময়সাপেক্ষ কাজটি করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের সহায়তায়। ওই কর্মকর্তা বলেন, ১৯৮৭ সালের পর ব্যতিক্রম ছাড়া নতুন আইনগুলো বাংলাতেই হচ্ছে।
আইন প্রণয়ন ও সংসদবিষয়ক বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, দেশের সব আইন যাতে মানুষ এক জায়গায় পেতে পারে, সে জন্য একটি ওয়েবসাইটে সব আইন (লজ অব বাংলাদেশ) দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইটে মোট ১ হাজার ১৯৪টি মূল আইন রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই শ আইন বাংলায় লেখা।
ওয়েবসাইটেও বাংলা
অনুসন্ধান করে দেখা গেছে, দু-এক বছর আগেও সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য ছিল ইংরেজিতে। এখন প্রতিটি মন্ত্রণালয়, বিভাগসহ সরকারি সংস্থাগুলোর ওয়েবসাইটে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও তথ্য দেওয়া হচ্ছে। যেমন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করলেই ইংরেজিতে তথ্য পাওয়া যেত, এখন সাইটের ওপরে ‘বাংলা’ নামে একটি বোতাম আছে। সেখানে ক্লিক করলেই বাংলায় তথ্য আসবে। অনেকগুলো সাইটে সরাসরি বাংলায় তথ্য আসছে। এ ছাড়া ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’-এ একসঙ্গে দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থা, জেলা, উপজেলা এমনকি ইউনিয়নের তথ্যও বাংলায় পাওয়া যাচ্ছে।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, বিভিন্ন উদ্যোগের ফলে প্রশাসনে এখন বাংলার ব্যবহার যথেষ্ট হচ্ছে। আইন-আদালতসহ অন্যান্য ক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে হবে। তিনি মনে করেন, বাংলাকে যেমন সম্মান ও গুরুত্ব দেওয়া প্রয়োজন, তেমনি বর্তমান বাস্তবতায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষার প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।