প্রশাসনে স্বস্তি, রাজনৈতিক দলে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসনে স্বস্তি এসেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল রোববার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দাবি মানা না হলে কাল মঙ্গলবার থেকে উপজেলার সব বাজার বর্জন ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
গত শনিবার রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থিত ৩৪ জন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের ১৩ জন এবং বিএনপির ১ জন প্রার্থী নির্বাচিত হন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আমরা খুশি। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।’
রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসান বলেন, নির্বাচনে প্রচারণা খুব একটা দেখা না গেলেও প্রচুর ভোটার ভোট দিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
একটি কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি: গতকাল বরকল উপজেলার ভূষণছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা ৩ নম্বর ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করেছেন। তিনি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো আবেদনে এ দাবি জানান।
আবেদনে দীলিপ কুমার চাকমা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থক ৫০ থেকে ৬০ জনের একদল বহিরাগত ব্যক্তি কেন্দ্র দখল করে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেয়। বহিরাগত ব্যক্তিরা প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাপক জাল ভোট প্রদান করে। এ সময় বিজিবি সদস্যরা পাহাড়ি ভোটারদের ওই এলাকা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন। বহিরাগত ব্যক্তিদের হামলায় একজন নারীসহ ৮ থেকে ১০ জন নিরীহ পাহাড়ি আহত হয়েছেন বলে দীলিপ কুমার চাকমা অভিযোগ করেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একই দাবিতে বেলা সাড়ে ১১টায় বরকল উপজেলা সদরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমিতির বরকল উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে সমাবেশ থেকে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনর্নির্বাচন দেওয়া না হলে কাল মঙ্গলবার থেকে উপজেলার সব হাটবাজার বর্জন ও সব নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজিবির হরিণা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহাবুদ্দিন স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই সময় দূরে অন্য একটি কেন্দ্রে ছিলাম। কেন্দ্রে সামান্য ঝামেলা হওয়ায় প্রিসাইডিং কর্মকর্তার অনুরোধে ফোর্স পাঠিয়েছিলাম। পরে খবর পেয়েছি, যেসব পাহাড়ি লাঠিসোঁটা নিয়ে এসেছিল, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।’
রাজনৈতিক দলের প্রতিক্রিয়া: নির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগ সন্তুষ্ট নয়। দলের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলের অশুভ তৎপরতা না থাকলে আরও অনেক ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে পারতেন। অনেক এলাকায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা কাজ করতে পারেননি।
বিএনপির রাঙামাটি জেলা সভাপতি মো. শাহ আলম বলেন, ‘সারা বাংলাদেশের মতো নির্বাচন হয়েছে জবরদস্তিমূলক। সরকারি ও আঞ্চলিক রাজনৈতিক দলের নানা বাধার কারণে সব ইউপিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। যেসব ইউপিতে প্রার্থী দেওয়া হয়েছে, তার মধ্যে সকাল ১০টায় চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। যেসব এলাকায় আমাদের প্রার্থীদের জয় লাভের আশা ছিল, তাও সরকারি দল ছিনিয়ে নিয়েছে।’
আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অপর আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বাবলু চাকমা বলেন, সরকারি দলের সমর্থকেরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কারণ, প্রশাসন দেশের অন্য স্থানের চেয়ে নিরপেক্ষ ছিল।