প্রশাসনের অনুমতি ছাড়াই নলদিয়া মেলা শুরু
প্রশাসনের অনুমতি ছাড়াই দাগনভূঞার নলদিয়া মেলা শুরু হয়েছে। দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গত বুধবার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের পীরে কামেল দেওয়ান আবদুর রশিদের ওফাত দিবস উপলক্ষে দীর্ঘদিন থেকে প্রতি বাংলা বছরের পয়লা মাঘ ‘নলদিয়া মেলা’র আয়োজন করা হতো। কিন্তু কয়েক বছর থেকে মেলার নামে অশ্লীল নাচ-গান, মেলা প্রাঙ্গণে জমজমাট মাদক ব্যবসা, জুয়ার আসরসহ নানা অসামাজিক কর্মকাণ্ড ঘিরে সন্ত্রাস, চাঁদাবাজি, সংঘর্ষ এমনকি পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। চলতি বছর মেলা আয়োজনের অনুমতির জন্য স্থানীয় একাধিক পক্ষ ফেনী ও নোয়াখালী জেলা প্রশাসনের কাছে আবেদন করে। এ নিয়ে বহু দেনদরবার হলেও দুই জেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে কোনো পক্ষকেই মেলা অনুষ্ঠানের অনুমতি দেয়নি। কিন্তু অনুমতি না পেয়েও সরকারি দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে একটি পক্ষ মেলার আয়োজন করে। মেলা উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। সরকারি অনুমতি ছাড়া মেলা উদ্বোধন ঠিক হয়েছে কি না, জানতে চাইলে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদরুল কবির বলেন, তিনি জনগণের প্রতিনিধি, জনগণ চায় বলেই তিনি মেলা উদ্বোধন করতে গেছেন। তিনি জানান, মেলা এক সপ্তাহ চলবে।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রথম আলোকে জানান, মেলার অনুমতি দেওয়া হয়নি। তার পরও তারা মেলার আয়োজন করছে। খারাপ কিছু হলেই মেলা বন্ধ করে দেওয়া হবে।