প্রশাসনের অনুমতি ছাড়াই যুবলীগ নেতাদের বালু উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালুমাটি উত্তোলন করায় নদীর তীরবর্তী ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা প্রশাসনের অনুমতি ছাড়াই নদী থেকে এসব বালুমাটি তুলছেন। এসব মাটি নদীর পার্শ্ববর্তী সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে উৎকোচ দিয়ে মাটি তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সদর উপজেলার জাগীর ও কৃষ্ণপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে এক সময় প্রবল পানির স্রোত ছিল। কালের বিবর্তনে তা সংকুচিত হয়ে পড়ে। নদীর তীরবর্তী দুই পাড়ের জমিতে আবাদ করা হয় বোরো ধানসহ বিভিন্ন শস্য। কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় এ নদীর প্রায় ১০০ গজ দূরে ’৮৮ সালের বন্যায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। এর ফলে রাজীবপুর-কাটিগ্রাম সড়ক ভেঙে যায়। এর পর থেকেই কুমের এক পাশে মাটি ফেলে কোনো রকমে যান চলাচলের উপযোগী করা হয়।মানিকগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজীবপুর-কাটিগ্রাম সড়কের ভেঙে যাওয়া ওই অংশের উন্নয়নকাজের দায়িত্ব পায় মেসার্স এল রহমান ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই সড়ক উন্নয়নের কাজেই ব্যবহার করা হচ্ছে এসব বালুমাটি।গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, কাটিগ্রাম এলাকায় নদীর পূর্ব পাড়ে কয়েক শ গজের মধ্যে বসানো হয়েছে চারটি শ্যালো মেশিন। এর একটি দিয়ে পাইপের মাধ্যমে বালুমাটি তোলায় ব্যস্ত শ্রমিক শাহ আলম ও শ্যালো মেশিনের মালিক সাগর আহমেদ। বাকিগুলো বন্ধ দেখা গেছে। পাইপের মাধ্যমে বালু এক-দেড় শ গজ দূরে ফেলা হচ্ছে। শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে নদীর দুই তীরের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। কয়েকটি স্থানে ফসলি জমির পাড় ভেঙে পড়েছে। এ ছাড়া বেশ কয়েকটি স্থানে ফাটলেরও সৃষ্টি হয়েছে।সাগর আহমেদ জানান, দেড় টাকা ফুট হিসেবে বেশ কয়েক দিন ধরে ভাড়ায় বালুমাটি তোলার কাজে তাঁর একটি শ্যালো মেশিন বসানো হয়েছে। প্রতিদিন দুই থেকে তিন হাজার ফুট বালুমাটি উত্তোলন করা হয়। জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার, সদস্য তোহিদুর রহমান ও মশিউর রহমান সড়ক উন্নয়নকাজে এসব বালুমাটি ব্যবহার করছেন।স্থানীয় লোকজন জানান, নদী শুকিয়ে চর পড়ায় এসব জমিতে তাঁরা বোরো ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জমির মালিক অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরে নদীতে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদীর পাড়ের ফসলি জমি হুমকির মধ্যে পড়েছে। তবে এ কাজের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাচ্ছে না।জেলা যুবলীগের নেতা আবুল বাশার ও তৌহিদুর রহমান বলেন, নদী থেকে বালু উত্তোলনে প্রশাসনের কোনো অনুমতি না থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হামিদকে উৎকোচ দিয়েই বালুমাটি উত্তোলন করা হচ্ছে।তবে ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বালু উত্তোলনে নিষেধ করায় তাঁরা আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন।’মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল বলেন, নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। গতকাল বিষয়টি জানার পর বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও তাঁরা বালুমাটি উত্তোলন করলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।