ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামে ১৪ ডিসেম্বর থেকে চলছে নবান্ন মেলা। বিশেষ শর্তে ১০ দিনের জন্য এই মেলার অনুমতি দিয়েছে প্রশাসন। কিন্তু শর্ত ভেঙে মেলায় চলছে র্যাফল ড্র।
প্রশাসনের বেঁধে দেওয়া শর্তের মধ্যে রয়েছে, মেলায় হাউজি-জুয়া, র্যাফল-লটারি, অশ্লীল নাচসহ অসামাজিক কোনো কিছুর আয়োজন করা যাবে না। কিন্তু গতকাল সোমবার দুপুরে মেলা চত্বরে দেখা গেছে, ‘অঞ্জলি অপেরা’ নামে একটি যাত্রা প্যান্ডেল বসানো হয়েছে। পাশে রয়েছে ‘পুতুলনাচ’ নামে আকেরটি নাচের প্যান্ডেল। এক পাশে স্থাপন করা হয়েছে সুমন র্যাফল ড্রর প্যান্ডেল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেলায় প্রতিদিন মধ্যরাত পর্যন্ত র্যাফল ড্র চলে। নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটির একজন সদস্য বলেন, র্যাফল ড্রর আয়োজন করে প্রতিদিন তাঁদের চার থেকে পাঁচ লাখ টাকা আয় হয়। এর মধ্যে পুরস্কার বাবদ ব্যয় হয় দেড় থেকে দুই লাখ টাকা। এই র্যাফল ড্র পরিচালনা করেন দিনাজপুরের দিদুল কান্তি নামের এক ব্যক্তি। এ জন্য তিনি প্রতিদিন মেলা কমিটির তহবিলে টাকা দেন।
র্যাফল ড্র পরিচালনার দায়িত্বে থাকা রাজু খান নামে এক যুবক প্রথম আলোকে বলেন, আজ (সোমবার) থেকে র্যাফল ড্রয়ের টিকিটের মূল্য ২০ টাকা করা হয়েছে। আগে ১০ টাকা ছিল। প্রতিদিন পুরস্কার হিসেবে থাকবে অন্তত তিনটি মোটরসাইকেল।
গতকাল ইজিবাইকে টিকিট বিক্রির সময় আজহার আলী নামের এক ব্যক্তি বলেন, তিনি বিকেল পর্যন্ত ১৫ হাজার টাকার টিকিট বিক্রি করেছেন।
লাহিড়ী এলাকার কৃষিশ্রমিক জয়নাল আলী বলেন, প্রতিদিন তিনি পাঁচটি করে টিকিট কিনছেন। তবে এখনো তিনি কোনো পুরস্কার পাননি।
ধনতলা গ্রামের ভ্যানচালক রতন রায় বলেন, ‘একটা মোটরসাইকেল পাওয়ার আশায় প্রতিদিন টিকিট কিনেছি। বলা তো যায় না, কপালে মোটরসাইকেল লেগেও যেতে পারে।’
মেলা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘অনুমতি নিয়েই মেলা চালিয়ে যাচ্ছি। প্রশাসন চাইলে বন্ধ করে দেওয়া হবে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘মেলার অনুমতি রয়েছে। তবে সেখানে র্যাফল ড্র চলার কথা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মান্নান বলেন, লটারির অনুমতি দেওয়া হয়নি। মেলার নামে র্যাফল ড্র চললে ব্যবস্থা নেওয়া হবে।