প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রি করতে রাজি হননি জমির মালিক। কিন্তু জমিটি ওই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে বেসরকারি উদ্যোগে আলতু খান জুট মিল লিমিটেড নামে সম্প্রতি একটি পাটকল স্থাপন করা হয়। ওই পাটকলের পাশে সাইদ আলী নামের এক ব্যক্তির ১ দশমিক শূন্য ৩ একর জমি আছে। মধুখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ বলেন, পাটকল কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামালকে দিয়ে জমির মালিককে অনুরোধ করেও জমিটি বিক্রি করাতে রাজি করাতে পারেননি। সাইদ আলী জানান, পাটকল কর্তৃপক্ষ যাতে ওই জমির ভেতর দিয়ে রাস্তা নির্মাণ এবং জমির গাছ কেটে ফেলতে না পারে, সে জন্য তিনি মধুখালীর জ্যেষ্ঠ জজ আদালতে ২৬ জুলাই মামলা করেন। ওই দিনই বিচারক শামীমা আক্তার মামলাটি আমলে নিয়ে জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। কিন্তু ২৯ নভেম্বর জমি বিক্রির জন্য ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবদুল মান্নান তাঁকে একটি নোটিশ দেন। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের এক উপসচিব গত সপ্তাহে আমাকে এক পত্রে জানান, বিরোধীয় জমির মালিক জমি বিক্রি করবে না জমি অধিগ্রহণ করতে হবে—এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিন। এ কারণে আমি জমির মালিককে ওই নোটিশ দিয়েছি।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী মোল্লা জানান, কিছুদিন আগে পাটকল কর্তৃপক্ষ ওই জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে। তারা সেই আবেদন সুপারিশসহ ভূমি মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় ওই আবেদন অনুমোদন না দিয়ে বিষয়টি যাচাই-বাছাই করতে জমির মালিকের সাক্ষাৎকার নেওয়ার জন্য নোটিশ দিতে বলেছে। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণে সরকারের পদক্ষেপ নেওয়ার নিয়ম আছে কি না জানতে চাইলে ইউসুফ আলী মোল্লা জানান, বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট হলে সরকার জমি অধিগ্রহণের জন্য উদ্যোগ নিতে পারে।