প্রশাসনের আশ্বাস তবু শঙ্কা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে আজ। প্রশাসনের আশ্বাসের পরও সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেক প্রার্থী ও ভোটারদের মধ্যে শঙ্কা রয়ে গেছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১২ ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রথম ও দ্বিতীয় দফায় কক্সবাজারের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় নির্বাচন হয়। এসব নির্বাচনে নানা অনিয়ম ও প্রাণহানিসহ সহিংসতার ঘটনা ঘটে। বেশ কয়েকজন ভোটার বলেন, এসব কারণে ভোটের পরিবেশ নিয়ে তাঁরা শঙ্কিত।
লক্ষ্যারচর ইউনিয়নের চারপাড়ার ভোটার কাউছার উদ্দিন (৩৮) বলেন, কোন পরিবেশে ভোট হবে, তা এখনই আঁচ করা যাচ্ছে। প্রতিদিন রাতে গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না মানুষ।
ডুলাহাজারায় আওয়ামী লীগের প্রার্থী জামাল হোছাইন ভোটকেন্দ্র দখল করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আমার প্রচারণায় প্রকাশ্যে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর কোনো জনসমর্থন নেই। কিন্তু ভোটকেন্দ্র দখল করে সিল মেরে নির্বাচিত হতে চাইছেন। প্রশাসন সহযোগিতা করলে এলাকার মানুষই ভোট ডাকাতি ঠেকাবে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার হাসানুল ইসলাম বলেন, তিন দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় শঙ্কা ছাপিয়ে ভোটারদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার প্রতিটি ভোটেকেন্দ্রে সুষ্ঠু ভোট হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, চকরিয়ার ১২ ইউনিয়নে ১ লাখ ৫৮ হাজার ২৬ জন ভোটার রয়েছেন। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ভোটকেন্দ্র থাকলেও ডুলাহাজারা ও কৈয়ারবিল ইউনিয়নে ভোটকেন্দ্র ১০টি করে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন করে পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, এ ছাড়া ছয় প্লাটুন বিজিবি, র্যা বের চারটি দল, পুলিশের ৩৬টি ভ্রাম্যমাণ দল, পুলিশ পরিদর্শকদের নেতৃত্বে ১২টি স্ট্রাইকিং ফোর্স, সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নেতৃত্বে ছয়টি দল দায়িত্ব পালন করবে। এ ছাড়া নয়জন নির্বাহী ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চিরিংগা ও বরইতলী ইউনিয়নের সব ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ। এ ছাড়া হারবাংয়ের ২, ৪, ৭ ও ৮ নম্বর কেন্দ্র, লক্ষ্যারচরের ১, ২, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্র, সুরাজপুর-মানিকপুরের ১ নম্বর কেন্দ্র, ফাঁসিয়াখালীর ২, ৩, ৭, ৮, ৯ নম্বর কেন্দ্র, ডুলাহাজারার ১, ২ ও ৮ নম্বর কেন্দ্র, সাহারবিলের ১, ২ ও ৩ নম্বর কেন্দ্র, বমুবিলছড়ির ১, ২, ৩ ও ৮ নম্বর কেন্দ্র, খুটাখালীর ৩, ৪, ৫ ও ৮ নম্বর কেন্দ্র এবং কাকারার ২ নম্বর কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
লক্ষ্যারচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান।