প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি গতকাল শনিবার স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রক্টর ও ছাত্র উপদেষ্টার দ্রুত ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসিক হল খোলা ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শরীরের রক্ত ঢেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গত বুধবার তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে কর্তাব্যক্তিদের আশ্বাসে শিক্ষার্থীরা তখন কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। আলটিমেটাম অনুযায়ী গতকালের মধ্যে ক্যাম্পাস খোলার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বেলা সোয়া ১১টা থেকে আড়াইটা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী প্রধান ফটক অবরোধ করে অবস্থান করতে থাকেন। এ সময় কিছু শিক্ষার্থী ‘বিষ’ লেখা শিশি এবং ফাঁস লাগিয়ে প্রতীকী আত্মাহুতির চেষ্টার মাধ্যমে ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান।
বেলা দুইটায় বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস বের হতে গেলে শিক্ষার্থীদের অবরোধের কারণে তা বের হতে পারেনি। পরে বেলা সোয়া দুইটায় প্রক্টর ত ম লোকমান হাকিম এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আগামী ৪ এপ্রিলের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু হবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার এমন আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং ঘোষিত আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘প্রক্টর ও ছাত্র উপদেষ্টা আমাদের ৪ এপ্রিলের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের বৈঠকে ৪ এপ্রিলের মধ্যে একটি সিন্ডিকেট সভার মাধ্যমে ক্যাম্পাসের কার্যক্রম সচলের ব্যাপারে পরামর্শ এসেছে।