প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ থেকে চারজনের রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল, শেরপুর ও সিলেটে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে চার কিশোর-কিশোরী।

টাঙ্গাইলের সখীপুরের একটি গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর (১২) সঙ্গে গতকাল সোমবার দুপুরে একই উপজেলার বড়চওনা গ্রামের আবদুর রহিমের ছেলে রাসেলের (৩০) বিয়ের কথা ছিল। মেয়েটি যে বিদ্যালয়ে পড়ে তার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে মেয়েটি মুখ ভার করে বিদ্যালয়ে আসে। সহপাঠীরা কারণ জানতে চাইলে, সে কেঁদে ফেলে। পরে জানায়, তার বিয়ে ঠিক হয়ে গেছে। বিষয়টি জেনে তিনি দুপুরে মেয়েটির কয়েক সহপাঠীকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিদ্যালয়ে ফিরে আসেন। পরে জানতে পারেন বিয়ের আয়োজন চলছেই। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকাকে বিষয়টি জানালে তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারকে পুলিশসহ ওই বাড়িতে পাঠিয়ে বিয়ের উদ্যোগ বন্ধ করে দেন।

ফিরোজা আক্তার প্রথম আলোকে বলেন, ১৮ বছর না হলে মেয়েকে বিয়ে দেবেন না বলে মেয়েটির মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মঙ্গলবার (আজ) থেকে মেয়েকে আবার বিদ্যালয়ে পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শেরপুরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ঝিনাইগাতী উপজেলার একটি গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩)। গতকাল দুপুরে একই উপজেলার আরেকটি গ্রামের এক কিশোরের (১৮) সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেনের নির্দেশে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন মেয়েটির বাড়িতে যান। তাঁরা মেয়েটির মা-বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।

সিলেটের গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন গতকাল সকালে ডৌবাড়ি ইউনিয়নের একটি গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে গিয়ে তার বিয়ের আয়োজন বন্ধ করেন। ইউএনও বলেন, ওই স্কুলছাত্রীও এ বিয়েতে রাজি ছিল না। অভিভাবকেরা আইন সম্পর্কে না জেনেই বিয়ের আয়োজন করেছিলেন এবং এ ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে মুচলেকা দিয়েছেন।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সিলেট; শেরপুর ও সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}