প্রশাসনের কর্মচারী আহতের ঘটনায় মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের গুলিতে রাঙামাটি জেলা প্রশাসনের তিন কর্মচারী আহত হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি। জনসংহতি সমিতি বলেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অস্ত্রধারীরা তাদের নিরস্ত্র নেতা-কর্মীদের হত্যার উদ্দেশে গুলি করেছিল।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম জানান, ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপরদিকে গতকাল মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘ইউপিডিএফ জনসংহতি সমিতি গুলি বিনিময়, জেলা প্রশাসনের তিন কর্মচারী আহত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি। বিনয় কুমার ত্রিপুরার স্বাক্ষরে পাঠানো পত্রে বলা হয়, সত্য ঘটনাকে আড়াল ও ইউপিডিএফ সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপকে ধামাচাপা দিয়ে এ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যই বিকৃত সংবাদ পরিবেশন করা হয়েছে। গত সোমবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাছছড়ি এলাকায় একদল দৃর্বৃত্ত তিনটি স্পিডবোট লক্ষ্য করে গুলি চালালে রাঙামাটি জেলা প্রশাসনের তিন কর্মচারী আহত হন। ওই সময় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সাইফুদ্দিন আহম্মদও বোটে ছিলেন। জেলা প্রশাসনের স্পিডবোটের পেছনে থাকা জনসংহতি সমিতির নেতা-কর্মী ও কয়েকজন বৌদ্ধ ভিক্ষু বহনকারী দুটি স্পিডবোটেও দুর্বত্তরা গুলি চালায়।