প্রশাসনের কেটে দেওয়া বাঁধ ফের মেরামত
পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে প্রশাসনের কেটে দেওয়া বাঁধ মেরামত করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চিকনাই নদীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেওয়া বাঁধটি গত সোমবার বিকেলে কেটে দেয় উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে আবার বাঁধ দিচ্ছেন নেতা-কর্মীরা। সেখানে মাটি ফেলা হচ্ছে। এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাছ চাষের জন্য মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজল বিশ্বাস ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নদীতে আড়াআড়িভাবে দুটি বাঁধ দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সোমবার বিকেলে চাটমোহর উপজেলা প্রশাসন বাঁধ কেটে দেয়।
কাজল বিশ্বাস বলেন, বাঁধ দেওয়া অংশের মাছগুলো রক্ষা করতে বাঁশ ও জাল দিয়ে আটকানো হচ্ছে। ইউএনও শফিকুল ইসলাম বলেন, এমনটি হয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’