প্রশাসনের চাপে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দিন সরকার-সমর্থকদের ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের পর নোয়াখালীতে এবার চলছে ভোট-পরবর্তী মামলার হিড়িক। গতকাল শুক্রবার রাত সাতটা পর্যন্ত জেলার তিনটি উপজেলায় আটটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আড়াই হাজার লোককে আসামি করা হয়।
অধিকাংশ মামলার বাদী বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। একাধিক প্রিসাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা প্রশাসন ও পুলিশের নির্দেশে তাঁরা এসব মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, চাটখিল, কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন স্থগিত হওয়া সদর উপজেলাতেই সর্বোচ্চসংখ্যক মামলা হয়েছে। নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে উপজেলার সুধারাম থানায় ছয়টি মামলা হয়। মামলাগুলোয় মোট আসামির সংখ্যা দুই হাজার ২০০ ব্যক্তি।
এ ছাড়া সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জে মামলা হয়েছে। নির্বাচনের দিন সহিংসতায় সোনাইমুড়ীতে সাদ্দাম হোসেন নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে কোম্পানীগঞ্জে মামলা হয়েছে। আসামি অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জন।
এ ব্যাপারে সুশাসনের জন্য প্রচারাভিযান বা সুপ্রর জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘কাউকে সুনির্দিষ্টভাবে আসামি না করে এভাবে হাজারো লোককে অজ্ঞাতনামা আসামি করার মাধ্যমে মূলত প্রকৃত আসামিদের আড়াল করা হয়। তা ছাড়া এ ধরনের মামলাকে রাজনৈতিকভাবে অপব্যবহারেরও সুযোগ থাকে।’
এদিকে সদর উপজেলার নির্বাচন স্থগিতের বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেশির ভাগই এই স্থগিতাদেশ মেনে নিতে পারছেন না।
জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শিহাবউদ্দিন বলেন, ‘১১৭টি কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। কিন্তু বেলা তিনটার পর নির্বাচন কমিশন কেন পুরো নির্বাচন স্থগিত করে দিল, সেটি আমার কাছে প্রশ্নবিদ্ধ ও ষড়যন্ত্রমূলক বলে মনে হয়। যদিও অধিকাংশ কেন্দ্রে পূর্ণাঙ্গ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। তাই সেসব কেন্দ্রের ভোট গণনার দাবি জানাই আমি।’
বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুব আলমগীর বলেন, ‘আমার জয় নিশ্চিত বুঝতে পেরে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই পুরো নির্বাচন স্থগিত করা হয়েছে।’