প্রশাসনের জরিপের খবরে চরে সর্বাত্মক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি অধিগ্রহণের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে জরিপ করা হবে—এমন খবর শুনে গতকাল ভোর থেকে সড়ক অবরোধ করে রাখেন ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরবাসী l ছবি: কামরান পারভেজ
জমি অধিগ্রহণের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে জরিপ করা হবে—এমন খবর শুনে গতকাল ভোর থেকে সড়ক অবরোধ করে রাখেন ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরবাসী l ছবি: কামরান পারভেজ

ময়মনসিংহে প্রশাসনের পক্ষ থেকে চর এলাকায় জমি অধিগ্রহণের জরিপ কাজ শুরু হবে—এমন খবরের ভিত্তিতে গতকাল রোববার সকাল থেকেই চরবাসীর মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজিত মানুষ চর এলাকায় প্রবেশপথে অবস্থান নেয়। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চরে কেউ যায়নি।

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জমি অধিগ্রহণের সিদ্ধান্তের পর চরবাসী বিভিন্ন দাবি উত্থাপন করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল কিছু তথ্য সংগ্রহ করতে যাওয়ার কথা ছিল। প্রশাসনিক অন্য কাজের ব্যস্ততার কারণে গতকাল যাওয়া হয়নি।

উত্তেজিত চরবাসী গতকাল ভোর থেকে চর এলাকায় প্রবেশের সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। অধিগ্রহণের আওতায় পড়া গ্রামের মানুষেরা জয়বাংলা বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। চর এলাকার শিক্ষার্থীরা গতকাল স্কুলে যায়নি। দুটি উচ্চবিদ্যালয়ে ষাণ্মাসিক পরীক্ষা থাকলেও শিক্ষার্থীরা না যাওয়ায় পরীক্ষা হয়নি।

চরবাসীর সর্বাত্মক অবরোধের খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় চর এলাকার উদ্দেশ্যে যেতে চাইলে রসুলপুর এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে গাছ ফেলে শম্ভুগঞ্জ-পরাণগঞ্জ সড়কটি অবরোধ করে রেখেছেন নানা বয়সী মানুষ। দুই স্কুলশিক্ষার্থী জানায়, তারা চর এলাকার রেনেসাঁ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ৬ জুলাই থেকে ষাণ্মাসিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তারা কেউ পরীক্ষা দিতে স্কুলে যায়নি। এ সময় চরের কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা যেকোনো মূল্যে নিজেদের বসতভিটা রক্ষা করবেন। জমি অধিগ্রহণের জন্য চরবাসী প্রশাসনকে বিকল্প একটি প্রস্তাব দিয়েছে।

রসুলপুর এলাকা থেকে জয়বাংলা বাজার পর্যন্ত সর্বাত্মকভাবে সড়ক অবরোধ করে চরবাসী। চর এলাকায় যেতে চাইলে অবরোধকারীরা বাধা দেয়। খোঁজ নিয়ে জানা যায়, জয়বাংলা বাজার থেকে চর ভবানীপুর পর্যন্ত কয়েকটি গ্রামের মানুষ যার যার বাড়ির সামনের সড়কে বসে অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। সড়ক অবরোধ থাকায় চর এলাকার পরাণগঞ্জ, বালিখা, বোরোরচর ও রহিমগঞ্জ ইউনিয়নের মানুষেরা গতকাল ময়মনসিংহে আসতে পারেনি।

চরবাসী আরও জানায়, গত ২২ জুন ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চরবাসীর সঙ্গে সভা করে প্রশাসন। ওই সভায় প্রশাসনের পক্ষ থেকে ৯ জুলাই অধিগ্রহণের আওতায় পড়া এলাকায় জরিপ কাজ শুরু করার কথা ছিল। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত জরিপ চলার কথা থাকলেও গত শনিবার রাত থেকে বুধবার পর্যন্ত চর এলাকায় অবরোধ পালন করার ঘোষণা দেয় চরবাসী।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ সরকারি বিভিন্ন কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ বিভাগীয় নগর গড়ে তোলার জন্য সরকার ব্রহ্মপুত্রের চর এলাকার পাঁচটি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদে ১০ মাস ধরে নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন করে যাচ্ছে চরবাসী। প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণের ফলে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, চর এলাকায় কিছু তথ্য সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। পরে প্রশাসনিক অন্য কাজ থাকায় গতকাল যাওয়া সম্ভব হয়নি।