প্রশাসনের তিন শ্রেণীর কর্মকর্তার জন্য পদক প্রবর্তন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রশাসনের তিন শ্রেণীর কর্মকর্তার জন্য প্রথমবারের মতো পদক প্রবর্তন করা হচ্ছে। ‘বাংলাদেশ প্রশাসনিক পদক’ নামের এই পদক দেওয়া হবে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাদের।সৎ, সাহসী ও নানা প্রতিকূলতা সত্ত্বেও দৃঢ়তার সঙ্গে সমস্যার মোকাবিলার মাধ্যমে কাজ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তারা পাবেন এই পদক। নির্বাচিত কর্মকর্তাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৮ ক্যারেট মানের দেড় ভরি ওজনের স্বর্ণপদক, সনদ ও ৫০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘জনপ্রশাসনে যাঁরা ভালো কাজ করছেন, যাঁরা অবদান রাখছেন, তাঁদের আরও দক্ষ ও উৎসাহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মকর্তারা যেন ভালোভাবে তাঁদের দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। শিগগির তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আশা করি, আগামী বছর থেকে এ পদক প্রবর্তন করা হবে।’সূত্র জানায়, পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এ পদক দেওয়া হবে। এগুলো হলো: জনসেবায় অসাধারণ প্রাতিষ্ঠানিক কৃতিত্ব, ব্যক্তিগত কৃতিত্ব, রাষ্ট্রীয় উন্নয়নে কার্যকর নতুন কার্যপদ্ধতি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় অসামান্য অবদান এবং অধিক্ষেত্রে কার্যকর সমন্বয় সাধনে অবদান।পদকের উদ্দেশ্য: সূত্র জানায়, কার্যকরী জনসেবা নিশ্চিতকরণ, প্রণোদনার মাধ্যমে উদ্ভাবনী কর্মস্পৃহা বাড়ানো এবং অসাধারণ জনসেবা দেওয়া প্রতিষ্ঠান বা সিভিল সার্ভিসের সদস্যদের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ পদক প্রবর্তন করা হবে।ব্যক্তির ক্ষেত্রে দায়িত্ব পালনে পেশাদারি ও সততা, সংশ্লিষ্ট অধিক্ষেত্রের জনসেবা দেওয়ার কার্যকর নতুন পদ্ধতির উদ্ভাবন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগ, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন বা কার্যসম্পাদনকালে দৃষ্টান্ত স্থাপন, যুগান্তকারী নীতি প্রণয়নে ব্যক্তিগত অবদান, জনসেবায় অবদান এবং সিটিজেন চার্টার অনুযায়ী সেবা দেওয়ার ক্ষেত্রে সাফল্য এই পদক দেওয়ার মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।বাছাই কমিটি: সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি বাছাই কমিটি এই পদকের জন্য মনোনয়ন দেবে। এ কমিটির অন্য সদস্যরা হলেন সংস্থাপনসচিব, অর্থসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন)।বিভাগীয় কমিশনাররা প্রতিবছরের ৩০ জানুয়ারির মধ্যে আগের বছরের জন্য তাঁদের নিজ নিজ অধিক্ষেত্রের মধ্যে পদকপ্রাপ্তির যোগ্য তিনজন জেলা প্রশাসক, তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিনজন সহকারী কমিশনারের (ভূমি) নাম ও পদকপ্রাপ্তির যৌক্তিকতা উল্লেখ করে ক্রমানুসারে মনোনয়ন সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠাবেন। মন্ত্রণালয় ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে মনোনয়ন তালিকা বাছাই কমিটিতে পাঠাবে। বাছাই কমিটি ৩০ এপ্রিলের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করে এ তিন পদের একজন করে কর্মকর্তার তালিকা চূড়ান্ত করবে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রতিবছর ২৩ জুন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডে-তে এই পদক দেওয়া হবে।