প্রশাসনের দুর্বলতায় ক্যাম্পাসে নারীরা লাঞ্ছিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার সুযোগে ক্যাম্পাসে প্রতিনিয়ত নারী লাঞ্ছনার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বাম ছাত্রসংগঠনের নেতারা।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পাঁচটি বাম ছাত্রসংগঠনের মোর্চা ‘প্রগতিশীল ছাত্রজোট’ আয়োজিত মানববন্ধনে তাঁরা এই অভিযোগ করেন। এ সময় নেতা-কর্মীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘রক্ষণশীলতায় আবদ্ধ ক্যাম্পাস চাই না’।
সম্প্রতি কার্জন হল এলাকায় এক আলোকচিত্রীকে মারধর ও তাঁর সঙ্গে থাকা দুই ভাগনিকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। তাঁরা বলেন, কয়েক দিন আগে টিএসসির খেলার কক্ষে নাটকের মহড়া চলাকালে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়। এসব ঘটনার জন্য তাঁরা ছাত্রলীগকে দায়ী করেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে আর কোনো নারীকে যাতে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে না হয়, সে দাবি জানান তাঁরা।