প্রশাসনের দেড় শতাধিক কর্মকর্তাকে 'অবসর সম্মাননা'
সদ্য অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের দেড় শতাধিক কর্মকর্তাকে ‘অবসর সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে তাঁদের ক্রেস্ট দিয়ে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে সাবেক দুজন মন্ত্রিপরিষদ সচিবসহ কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের অভিজ্ঞতা টেনে বলেন, ‘অবসরে যাওয়া মানে জীবনের শেষ নয়, মনে করবেন এটা অন্য জীবনের শুরু। হয়তো এটাই সবচেয়ে উল্লেখযোগ্য যাত্রা হতে পারে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটদের ক্রমান্বয়ে ক্ষমতাহীন ও মর্যাদাহীন করা হচ্ছে। আবার তাঁদের কাছে প্রত্যাশাও বাড়ছে।’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ‘মেনটর’ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আতাউল হক, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকারসচিব আবদুল মালেক, অ্যাসোসিয়েশনের মহাসচিব মোশারফ হোসেন প্রমুখ।