প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে চলছে অবৈধ ইটভাটা
জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামে একটি ইটভাটা চলছে। প্রাথমিক বিদ্যালয়ের পাশে এবং জনবসতিপূর্ণ এলাকায় হাওলাদার ব্রিকস নামে ওই ভাটাটি চলছে অবৈধভাবে।এলাকাবাসী জানায়, স্থানীয় নুরুল ইসলাম হাওলাদার ও তাঁর ছেলে সোহেল আহম্মেদ গত বছরের শেষ দিকে বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে হাওলাদার ব্রিকস নামে ইটভাটাটি গড়ে তোলেন।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা নদীর তীরে ফসলি জমির ওপর ওই ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার ২০০ গজের মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন দিকে ফসলি জমি ও বসতবাড়ি। ভাটাটির পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের ছাড়পত্র না থাকায় এলাকাবাসী জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরে ইতিপূর্বে লিখিত অভিযোগও করে।ইটভাটা নির্মাণে ভূমি ব্যবহারের প্রচলিত নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশ আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন গত বছরের ৯ নভেম্বর ভাটার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমীন, রাজাপুরের ইউএনও ও পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তারা ভাটাটি পরিদর্শন করেন। এ সময় ইট পোড়ানোর জন্য জমা রাখা এক হাজার ২০০ মণ জ্বালানি কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এর আগে পরিবেশ অধিদপ্তর বরিশাল গত ১৪ ফেব্রুয়ারি অবৈধভাবে নির্মিত ভাটাটি বন্ধ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার জন্য ভাটার মালিককে একটি নোটিশ দেয়। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত এ ব্যাপারে ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরকে কোনো কিছুই অবহিত করেননি।ভাটা থেকে ইতিপূর্বে জব্দ করা এক হাজার ২০০ মণ কাঠ গত ১৭ ফেব্রুয়ারি নিলাম করতে যান রাজাপুরের ইউএনও। সেখানে ওই পরিমাণ কাঠ না পেয়ে নিলাম না করেই ফিরে আসেন তিনি। এ সময়ও তিনি ভাটাটি চালু দেখতে পান।স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ১৭ ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেট ও ইউএনও চলে আসার পরই ভাটায় পুনরায় ইট পোড়ানো শুরু করেন নুরুল ইসলাম হাওলাদার। জব্দ করা কাঠ দিয়েই ভাটায় ইট পোড়ানো চলে।ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় ও বসতবাড়ির কাছাকাছি অবৈধভাবে ভাটাটি নির্মাণ করা হয়েছে। আমি ঘটনা শুনে তাৎক্ষণিক গিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। পরে জব্দ করা কাঠ নিলামের জন্য সেখানে গিয়ে দেখি তাঁরা পুনরায় কাঠ পুড়িয়ে ইট নির্মাণ করছেন। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি।’ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, পালট গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা হাওলাদার ব্রিকসের কার্যক্রম তদন্তের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভাটাটি বন্ধ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা আমাদের জানাতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তাঁরা এ বিষয়ে কিছুই জানাননি। খুব দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।হাওলাদার ব্রিকসের মালিক নুরুল ইসলাম হাওলাদারের ছেলে সোহেল আহম্মেদ বলেন, ‘আমরা কেনা জমিতে ইটভাটা করেছি। ড্রাম চিমনি ব্যবহার করে ইটভাটা করা হয়েছে, তাই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তিনি দাবি করেন, বিদ্যালয় ইটভাটা থেকে অনেক দূরে। ইটভাটা স্থাপনের অনুমতি আছে। স্থানীয় কিছু লোক আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে। ওই সব অভিযোগের কারণে পরিবেশ অধিদপ্তর আমাদের নোটিশ দিয়েছে।’