প্রশাসনের নির্দেশে অবৈধ স্থাপনা ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে নদীর দখল করা অংশে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আবুল কালাম উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারীকে (সার্ভেয়ার) সঙ্গে নিয়ে জায়গা মেপে নির্মাণাধীন বহুতল ভবনের মধ্যভাগে লাল রং দিয়ে অবৈধ স্থাপনা চিহ্নিত করেন। সেখানে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। এর পর থেকে মালিক পক্ষ ওই স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে। অবৈধ স্থাপনা ভেঙে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুররে শাহওয়াজ । তিনি প্রথম আলোকে বলেন, নদীর জায়গা চিহ্নিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করেছে মালিক পক্ষ। ফেঞ্চুগঞ্জের থানা সড়কের কুশিয়ারা নদীর তীরবর্তী অংশ দখল করে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হলে গত ৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘ফেঞ্চুগঞ্জে নদী দখল করে উঠছে ভবন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।